অনতিবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানিয়েছেন গণফোরামের একাংশের নেতারা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে এক বিক্ষোভে নেতারা এ দাবি জানান।
সভাপতির বক্তব্যে মন্টু বলেন, ‘চাল, ডাল, তেল, চিনি, এলপিজি গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদাসীন সরকারের হাতে গড়া সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজারব্যবস্থা। জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সকল দ্রব্যাদি। অনতিবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি এডভোকেট মোহসীন রশিদ, স্টিয়ারিং কমিটির সদস্য এডভোকেট মো. হেলাল উদ্দিন, স্টিয়ারিং কমিটির সদস্য আইয়ুব খান ফারুক, হাবিবুর রহমান ভুলু, মুহাম্মদ উল্লাহ মধু, মো. হামিদ মিয়া, এরফান উদ্দিন আন্টু, জজ মিয়া, কামাল উদ্দিন সুমন, জান্নাতুল মাওয়া, শেখ শহিদুল, ইসমাইল সম্রাটসহ গণফোরাম, যুব গণফোরাম ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টিয়ারিং কমিটির সদস্য রওশন ইয়াজদানী।







