আকস্মিক এক ঘোষণায় জ্বালানি তেলের মূল্য বাড়ানোকে অবিবেচনাপ্রসূত ও অমূলক মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক চড়া, তার মধ্যে জ্বালানির মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় নির্বাহে যে চাপ তৈরি করবে, তা হবে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো।’
‘সরকার বিভিন্ন সময়ে বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছিল, কিন্তু বিশ্ববাজারে যখন মূল্য কমেছিল তখন তারা মূল্য কমায়নি বা সমন্বয় করেনি’—অভিযোগ করা হয় বিবৃতিতে।
‘এখন আবার বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানির মূল্য বাড়ালো, যা গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।








