চীনের কড়া হুঁশিয়ারির পরও মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ অবস্থান তুলে ধরেন।
বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, মার্কিন পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসির সামরিক কায়দায় এই তাইওয়ান সফর এশিয়া ও বিশ্ব রাজনীতির জন্য এক ভয়াবহ ইঙ্গিত বহন করছে। এটি স্পষ্টতই চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রবল সামরিক উসকানি এবং চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সমঝোতার চরমতম লঙ্ঘন। একইসঙ্গে মার্কিন নেতার এই ধরনের সফর চীনের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রতি বিরাট হুমকি এবং স্বীকৃত এক চীন নীতির বিরোধিতা— যা তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়াবে এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের মদত জোগাবে।
মার্কিন পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসির এই তাইওয়ান সফর এই অঞ্চলে এক বড় ধরনের যুদ্ধের পরিস্থিতি তৈরি করবে; বলে উল্লেখ করে সিপিবি। দলটির ভাষ্য— মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দোসররা চীন এবং অত্র অঞ্চলকে একটি যুদ্ধেই জড়িয়ে ফেলতে চায়। যা দক্ষিণ এশিয়া ও গোটা বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক বিরাট হুমকি সৃষ্টি করেছে।







