রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েও কর্মসূচিতে যাননি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অব. অলি আহমদ। শনিবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তার উপস্থিত হওয়ার কথা ছিল, তবে কোনও কারণ ছাড়াই তিনি সেখানে অংশ নেননি। যদিও গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অলি আহমদ কর্মসূচিতে থাকবেন।
এ বিষয়ে জানতে চাইলে এলডিপির একজন গুরুত্বপূর্ণ নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলের মহাসচিব রেদোয়ান আহমেদ আমেরিকা সফরে। স্যার কর্মসূচিতে থাকার কথা বলেও না যাওয়ার কারণে হচ্ছে, তিনি বা মহাসচিব না গেলে দলের অন্যান্য নেতারা কর্মসূচি বাস্তবায়নে কতটা সক্ষম, তা পরখ করা। স্যার আজ বাসায় থেকে কর্মসূচি ফলো করেছেন।’
বিএনপি নেতাকর্মীদের হত্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তি এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, এসএম মোরশেদ, আওরঙ্গজেব বেলাল, নেয়ামূল বশির, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, অধ্যক্ষ মাহবুবুর রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, প্রচার সম্পাদক নিলু, আইন বিষয়ক সম্পাদক আবুল হাসেমসহ এলডিপির কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে নেতারা বলেন, আজ আমরা এক দফা দাবি নিয়ে হাজির হয়েছি। আমাদের আর কোনও দাবি নাই। দাবি একটাই- এই সরকারের পদত্যাগ চাই।
দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক দাবি করেন, অন্তত দুই হাজার অনুসারী সমাবেশে ও মিছিলে অংশ নিয়েছেন।








