ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘১০ দফা না মানলে রমজানের ঈদের পর শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলন শুরু হবে।’
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ফরহাদ। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ হয়।
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত ও এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, বাংলাদেশ জনকল্যাণ পার্টির সভাপতি ওবায়দুল হক পীরজাদা প্রমুখ। সমাবেশে বিকল্পধারা বাংলাদেশের একাংশের মহাসচিব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বাদল, এনপিপির যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ফখরুজ্জামান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পল্টন মোড়-জাতীয় প্রেস ক্লাব মোড় ঘুরে পুনরায় পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।








