সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ এক বছর পার না করতেই ভাঙনের মুখে পড়লো। এখন থেকে মঞ্চের শরিক গণঅধিকার পরিষদ সমন্বিত কর্মসূচি পালন করবে না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (৬ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
এ দিন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর সভাপতিত্ব করেন। সভায় ভোটারবিহীন সিটি করপোরেশন নির্বাচনের নামে রাষ্ট্রের অর্থ খরচ করে জনগণের সঙ্গে প্রহসনের নির্বাচন জনগণকে বর্জনের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে লক্ষ্যে শুধু ‘গণতন্ত্র মঞ্চ’-এর সঙ্গে না থেকে নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সকল দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় গণঅধিকার পরিষদ।
পরে এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১২ তারিখ গণতন্ত্র মঞ্চের কর্মসূচি। গণঅধিকার পরিষদেরও আলাদা কর্মসূচি রয়েছে।’
গত বছরের ৮ আগস্ট সাতটি দল ও সংগঠন নিয়ে গণতন্ত্র মঞ্চ গঠিত হয়। ওই বছরের ৩০ ডিসেম্বর থেকে বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে যুগপৎ কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চ।
আরও পড়ুন-
চলতি মাসেই আন্দোলনের যৌথ রূপরেখার ঘোষণা বিএনপি ও বিরোধী দলগুলোর








