চলমান এক দফা আন্দোলন কর্মসূচিতে ‘ছাত্রলীগ-পুলিশের যৌথ হামলার’ অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সোমবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় নগরে বিজয়-৭১ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রম ভবন চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হক।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা দেখেছি, মার্কিন ভিসানীতি ঘোষণার পর পুলিশের দলীয় ক্যাডারেরা কিছুটা গুটিয়ে যায়। এতে সরকার ছাত্রলীগ, যুবলীগ দিয়ে পাল্টা সমাবেশ-কর্মসূচি করে বিরোধী দলগুলোকে মোকাবিলার ঘোষণা দিয়েছিল। কিন্তু গত এক মাসে তাদের প্রত্যেকটি সভা-সমাবেশ ফ্লপ করার পর তারা দিশেহারা হয়ে পরে। এবার আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশলীগ যৌথভাবে হামলা শুরু করেছে। অতীতের সব ফ্যাসিবাদী শাসকরা একই পথ অনুসরণ করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি।’
সংক্ষিপ্ত পথসভা ও বিক্ষোভ মিছিলে আরও ছিলেন– দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, দলের সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, কেন্দ্রীয় নেতা আব্দুল বাসেত মারজান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন, যুবনেতা শাহাদাত উল্লাহ টুটুল প্রমুখ।








