বিএনপির সমাবেশে হামলা, দলীয় মঞ্চ ও অফিস ভবন ভাঙচুর, জাতীয় নেতাদের গ্রেফতার ও সরকারি দলের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে এবি পার্টি। বিক্ষোভ শেষে বিএনপি ঘোষিত ৩ দিনের অবরোধের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বিজয় নগরে কেন্দ্রীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর সেগুনবাগিচা, কাকরাইল, বিজয় নগর ও পল্টন ঘুরে শ্রমভবন চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। হামলা, মামলা ও গ্রেফতারের আতংক ছড়িয়ে আওয়ামী লীগ সরকার যতদিন সম্ভব ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে।
এ সময় এবি পার্টির পক্ষ থেকে সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বিএনপি ঘোষিত ৩ দিনের অবরোধের প্রতি সংহতি জানান এবং সংহতি স্বরূপ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা।









