প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজেটে বাজারের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য কোনও সুখবর নেই। জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোনও পদক্ষেপ নেই। ঋণভারে জর্জরিত বাজেট দেশের বেসামাল অবস্থার প্রতিফলন। এ বাজেট জনগণের দীর্ঘশ্বাস আর হাহাকার আরও প্রলম্বিত করবে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সাইফুল হক সমালোচনা করেন, ‘বাজেটে বাজারের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য কোনও সুখবর নেই। জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোনও পদক্ষেপ নেই। ঋণভারে জর্জরিত বাজেট দেশের বেসামাল অবস্থার প্রতিফলন। এ বাজেট জনগণের দীর্ঘশ্বাস আর হাহাকার আরও প্রলম্বিত করবে।’
‘প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনও খবর নেই’ দাবি করেন তিনি বলেন, ‘জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোনও পদক্ষেপ নেই; বরং মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।’
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ১ লাখ ১০ হাজার কোটি টাকার উপর যাবে কেবল ঋণের সুদ পরিশোধেই। আর বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্রে আরও হাত বাড়ালে তারও ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।
তিনি বলেন, ‘টাকার মূল্যমান অস্বাভাবিক কমিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফসহ আন্তর্জাতিক দাতাদের খুশি রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ ও বিনিয়োগ পাওয়া অনিশ্চিত।’
তিনি উল্লেখ করেন, নতুন অর্থবছরের বাজেটে যে ১১টি বিশেষ অগ্রাধিকার উল্লেখ করা হয়েছে তা বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকরী কোনও পদক্ষেপ নেই।








