ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘পাবর্ত্য চট্টগ্রামে সংঘাত ও সংঘর্ষকে কেন্দ্র করে সম্প্রতি চাকমারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে দেশদ্রোহীর কাজ করেছে। এর দায়ে তাদের গ্রেফতার করা উচিত।’
তিনি আরও বলেন, ‘এসব সরকার উৎখাত ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। এসব দেশবিরোধী চক্রান্ত অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে দমন করতে হবে।’
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্লবীর হারুন মোল্লা ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও ভারত মিলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে চক্রান্তে মেতে উঠেছে।’
‘এখন নতুন করে পাবর্ত্য চট্টগ্রামে মোটরসাইকেল চুরির মতো সামান্য ঘটনাকে পুঁজি করে সংঘাত-সংঘর্ষের মাধ্যমে পাহাড় অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এর পেছনেও পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও মোদির ষড়যন্ত্র কাজ করছে,’ বলেন তিনি।
পল্লবী থানা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সহকারী মহাসচিব ও উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এ সময় বক্তব্য দেন হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতী মুহাম্মদুল্লাহ আনসারী, মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, সোহরাব হোসেন ফজলে প্রমুখ।








