বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেছেন, উচ্চকক্ষ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংবিধানের মৌলিক সংস্কারের জন্য নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা এবং গণভোটের বিধান রাখতে হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৪তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্যরা মনোনয়ন না পেলে এবং গুরুত্বপূর্ণ বিলগুলো উভয়কক্ষে পাস না হলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যৌক্তিকতা থাকবে না। বরং এতে করে রাষ্ট্র ও দেশের সম্পদের অপচয় হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা দত্ত।









