সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব দল যেন নির্বিঘ্নে সভা-সমাবেশ ও প্রচারণা চালাতে পারে, তা নিশ্চিত করতে হবে। আজকের সমাবেশের এটিই একটি বড় দাবি। মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা (অন্তর্বর্তী সরকার) নির্বাচনের দিকে হাঁটবেন না। তা হলে সেটা আরেকটি প্রতারণামূলক নির্বাচন হবে।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, গত ১৬ বছর ধরে আল্লাহ আমাদের যে পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। হাদিস আছে বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। হাদিসে আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, আনন্দিত হয়। আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের অংশীদাররা উৎফুল্ল হয়ে জালিম হয়ে উঠছেন। তাই বলতে চাই, আল্লাহ পাক কিন্তু ছাড় দেবেন না।
খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, আমরা চাই আগামী নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করা হবে। জোর করে বা জবরদস্তি করে কেউ যেন নির্বাচন বানচাল না করতে পারে, যেমন-তেমনভাবে নির্বাচন না করতে পারে। এটা না হলে এই জাতির মুক্তি আসবে না। প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন তিনি সেরা নির্বাচন উপহার দেবেন, সেটা যেন হয়।
ইসলামী হুকুমত কায়েমে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করে খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশেমী বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে গণমানুষের জানমালের নিরাপত্তা দিতে ইসলামী হুকুমত কায়েম করার প্রচেষ্টা করতে হবে। আমরা বাংলাদেশে অনেকের শাসন দেখেছি, শোষণ দেখেছি, সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। কিন্তু কোনও শাসন এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। আমি আজ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, আমরা পেছনের সব মতভেদ ভুলে এ দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বো।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, গত বছর এ মাসের এই দিনে বাতাসে বারুদের গন্ধ ছিল। চতুর্দিকে গুলির আওয়াজ ছিল, হাসপাতালে দৌড়াদৌড়ি, শহীদদের নিয়ে কান্নাকাটি। যদি এই ৫ আগস্ট সংঘটিত না হতো, তাহলে এই জাতীয় সমাবেশ আজ কল্পনাও করা যেতো না। জামায়াতে ইসলামী যে সাত দফা দাবি জানিয়েছে, এটা দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। আমরা পুরোপুরি এই সাত দফা দাবি সমর্থন করি।









