জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন বলেন, এনসিপি নির্বাচনকে ভয় পাই না। তবে নির্বাচন ব্যবস্থায় গলদ পরিবর্তন করতে চাই। বিদ্যমান সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণ শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রস্তাবিত জাতীয় সনদ সম্পর্কে নাগরিক ভাবনা বিষয়ক সংলাপে তিনি এসব কথা বলেন।
তাজনুভা বলেন, যারা বলছেন সংস্কার রাতারাতি হবে না—এটা ঠিক নয়। কারণ ইতোমধ্যে স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে। এতো বছরেও সব কিছু একই ধারায় চলে আসছে। নিজেদের অনৈতিক স্বার্থে শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার চায় না কতিপয় দল।
তিনি বলেন, অনেক ক্ষেত্রেই নারীরা উপেক্ষিত। তাদের মানুষ হিসেবে না দেখে নিছক নারী হিসেবে দেখা হচ্ছে। বড় কোনও সিদ্ধান্তে নারীদের রাখা হচ্ছে না। যেমন বিএনপির সেলিমা রহমানকে কেন নীতি নির্ধারণী পর্যায়ে দেখা যায়নি। তিনি নারীদের সরাসরি নির্বাচিত হওয়ার পক্ষে মত দেন। সংরক্ষিত আসন নারীদের জন্য লজ্জার।
তিনি গণতন্ত্রের বাক পরিবর্তনে সুজনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সাধুবাদ জানান।
সংলাপে সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।









