জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবিন বলেছেন, প্রান্তিক পর্যায়েও নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যোগ্যতার মূল্যায়ন করে নারীকে এগিয়ে আনার দায়িত্ব নিতে হবে পুরুষকে। তাহলে মাঠের রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি সংসদেও লড়াই চালিয়ে যেতে পারবেন নারীরা।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির উদ্যোগে মর্যাদাপূর্ণ বাংলাদেশ এবং নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
ডা. তাজনূভা বলেন, দেশের প্রতিটি আন্দোলনে নারীদের ঐতিহাসিক ভূমিকা ছিল। বিশেষ করে জুলাই গনঅভ্যুত্থানে তারা যে ত্যাগ স্বীকার করেছে—তা আমাদের গৌরবজনক অধ্যায় হয়ে থাকবে। তবে এই সময়ে এসে কোনও কোনও ক্ষেত্রে নারীদের সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে। এমনটি কোনোভাবেই কাম্য নয়। তিনি নারী-পুরুষের ঐক্যবদ্ধ ভূমিকায় নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহীনুর নার্গিস, যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
সঞ্চালনা ছিলেন যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী।









