বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ‘১১ দলের গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। এই রাজপথ থেকে বিদায় নিয়ে আমরা ঘরে ফিরবো। গণভোটের গণরায়কে কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের ভিন্ন বিকল্প কোনও পথ নাই। বিগত ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তারেক জিয়া সরকারকে গণভোটের রায় কার্যকর করেই ক্ষমতা ছাড়তে হবে ইনশাল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ১১ দল দ্ব্যর্থহীন ভাষাই বলে বাংলাদেশের মানুষের ভাগ্য তারা নিজেরাই নিজেদের হাতে গড়বে। তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের লুকোচুরি আর বরদাস্ত করা হবে না। শহীদ শরীফ ওসমান হাদী ও দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ যাদেরকে গুম, খুন, হত্যা করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ।’
মামুনুল হক বলেন, ‘শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের যারা এখন পর্যন্ত বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে মানুষের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছে তদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আন্দোলন সংগ্রামে আমরা সফল হবো।’
বাংলাদেশের জনগণের সমস্যার সমাধান চাই কর্নেল (অব:) অলি আহমেদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম তার বক্তব্যে বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধেও না, কোন দেশের বিরুদ্ধেও না। বাংলাদেশের জনগণের সমস্যার সমাধান চাই। আমরা মানবতার শাসন চাই, সুশাসন চাই, চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। যেটা বর্তমান সরকার কোন অবস্থাতেই পারছে না।’
তিনি বলেন, ‘বিএনপি'র যখন বেগম জিয়ার সময় ছিল তখন বেগম জিয়ার সরকার হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার হয়েছিল। তারেক রহমানের আমলে কিন্তু হাসিনার সরকার গঠন হয়েছে। সুতরাং, হাসিনা সরকারকে দিয়ে বিএনপির কাজ চলবে না। আমরা বারবার ওয়ার্নিং (সতর্ক) দিয়ে যাচ্ছি আমরা সংস্কার চাই। সংস্কার যদি না দেন আমরা এক দফায় যাব, সেটা হল সরকারের বিদায় ‘
উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে হাতগুলো তুলুন তারেক রহমান দেখুক বাংলাদেশের জনগণ কী চায়। তার আশেপাশে যেগুলো দালালেরা আছে তাদেরকে দিয়ে মুক্তি হবে না।’

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির







