নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা নানাভাবে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে প্রায় ৮ মাস হলো। দেশের মানুষ দীর্ঘ সময় পর নিজেদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার গঠন করেছে,ফলে এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের প্রত্যাশার বিষয়টা মাথায় রেখে দেশের অভ্যন্তরের ও বৈশ্বিক সংকটের মাঝেও চেষ্টা করে যাচ্ছে দেশকে এগিয়ে নিতে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি নিষিদ্ধ আওয়ামী লীগ ও জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি সুবিধাভোগী জামায়াত এনসিপি সমন্বিতভাবে সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শুধু তাই নয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা নানাভাবে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। ফলে ভেতরে-বাহিরে নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের জন্য ভালো কিছু করা এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।’