নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাষ্ট্র ও প্রশাসনের নিরপেক্ষতা, জনগণের স্বাধীন ভোটাধিকার ও নির্বাচনি মাঠের সমতার নিশ্চয়তার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রবিবার (২৯ নভেম্বর) আগারগাঁওয়ে ইসিতে মতবিনিময় সভায় দলটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন ও সম্পাদকমন্ডলীর সদস্য নিখিল দাস।
লিখিত বক্তব্যে দলটি উল্লেখ করে, গণতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গণতান্ত্রিক পরিবেশ এবং মুক্তিযুদ্ধের স্যেকুলার গণতান্ত্রিক ও শোষণ বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের শর্ত হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন। এমন নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হলে কালো টাকা, পেশিশক্তি, মব সন্ত্রাস, সাম্প্রদায়িক উসকানি এবং প্রশাসনিক পক্ষপাত-সব ধরনের অনিয়ম কার্যকরভাবে প্রতিহত করতে হবে।
এই লক্ষ্যে নিম্নোক্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা ও বাস্তবায়নের দাবি জানানো হয় -
১. জামানত বৃদ্ধি বাতিল: সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের অধিকার সংকুচিত করে প্রার্থীর জামানত বৃদ্ধির এরুপ পদক্ষেপ অবিলম্বে বাতিল করতে হবে।
২. ভয়ভীতি ও সন্ত্রাসমুক্ত ভোট: শ্রমিক, কৃষক, নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও পক্ষপাতহীন ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে। ভয়ভীতি, হামলা, হুমকি, মব সন্ত্রাস ও প্রতিপক্ষ দমনের যেকোনও প্রচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে।
৩. কালো টাকা পেশিশক্তর দৌরাত্ম্য বন্ধ: নির্বাচনে কালোটাকা, অবৈধ অর্থ ও পেশিশক্তির দৌরাত্ম্য কঠোরভাবে বন্ধ করতে হবে। প্রার্থীদের নির্বাচনি ব্যয় নিয়মিত ও কার্যকরভাবে নিরীক্ষণ করতে হবে এবং ব্যয়সীমা বা আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলসহ কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে। এটা আচরণবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।
৪. নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত: নির্বাচন কমিশন, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সরকারি প্রশাসনের কোনও সদস্যের সরকারদলীয়, ক্ষমতাসীন বা কোনও নির্দিষ্ট প্রার্থী-বিশেষত উগ্রবাদী বা সহিংস রাজনীতির সঙ্গে যুক্ত প্রার্থীর পক্ষে পক্ষপাতদুষ্ট আচরণ কোনোভাবেই বরদাশত করা যাবে না। প্রশাসনিক ক্ষমতা, সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কোনও প্রার্থীকে সুবিধা দেওয়া কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর চাপ সৃষ্টি করা কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে।
অভিযোগের জন্য অপেক্ষা না করে আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীর বিরুদ্ধে কমিশনকে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে হবে। অভিযোগের ক্ষেত্রে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৫. প্রশাসনিক কারসাজি ও প্রভাবমুক্ত নির্বাচন: নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও জবাবদিহির ব্যবস্থা করতে হবে। কোনও কর্মকর্তা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কোনও প্রার্থীর পক্ষে কাজ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াসহ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. সাম্প্রদায়িক প্রচারণা ও উসকানি নিষিদ্ধ: নির্বাচনি প্রচারণায় সাম্প্রদায়িক বক্তব্য, ঘৃণা, উসকানি ও বিভাজনমূলক প্রচার নিষিদ্ধ করতে হবে এবং লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এটা আচরণবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।
৭. জনগণের কাছে প্রার্থীদের জবাবদিহি: নির্বাচিত হলে জনগণের কাছে দায়বদ্ধ থাকা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে প্রার্থীদের লিখিত প্রতিশ্রুতি গ্রহণ বাধ্যতামূলক করতে হবে এবং তা আচরণবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।
৮. স্বশাসিত স্থানীয় সরকার: স্থানীয় সরকারকে প্রকৃতপক্ষে জনগণের সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করতে হলে এর স্বায়ত্তশাসন নিশ্চিত ও শক্তিশালী করতে হবে। এ জন্য প্রথমত স্থানীয় সরকার সম্পর্কে রাষ্ট্র ও সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সংবিধানে ইংরেজিতে Local Govemment এবং বাংলায় স্থানীয় শাসন বলা হয়েছে। এই অসঙ্গতি দূর করতে হবে।
/এমকে/এফআর/