ইন্ডিয়ানার নোবলসভিল ফেয়ারগ্রাউন্ডে বাংলাদেশ কমিউনিটি অফ ইন্ডিয়ানা (বিসিআই) উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বর্ষবরণ উপলক্ষে গত ১১ এপ্রিল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশ নেন পাঁচ শতাধিক প্রবাসী। বাংলাদেশিদের উপস্থিতিতে দিনব্যাপী এই অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গে মেলার স্টল এবং শিশু ও বড়দের জন্য বিভিন্ন গেমস।
বর্ষবরণ অনুষ্ঠানে ৬৩ জন স্থানীয় শিল্পীর অংশ নেন। তাদের বৈচিত্র্যময় পরিবেশনায় অনুষ্ঠান হয় প্রাণবন্ত। শিশুদের গান, নাচ আর অভিনয়ে ফুটে উঠে বাংলাদেশের সংস্কৃতি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি শিল্পী সামিনা চৌধুরী। সন্ধ্যায় অনুষ্ঠানে অংশ নিয়ে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। সামিনা চৌধুরী বলেন, “এটা আমার প্রথমবার এখানে আসা। আর এত সুন্দর দর্শক ও ভালোবাসা দেখে আমি সত্যিই খুব আনন্দিত।”
বিসিআই সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে এমনভাবে তুলে ধরতে চাই, যেন নতুন প্রজন্ম তা হৃদয়ে ধারণ করে।” সাধারণ সম্পাদক মিজান পাটওয়ারী বলেন, “এই ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, এটি আমাদের কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করে।”








