মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ বেভারেজ ব্র্যান্ড মোজো। নেপাল-তিব্বত সীমান্তে ভোটে কোশী ও ত্রিশূলী নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষের জরুরি ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় বিপর্যয় দেখা দিয়েছে। পাহাড়ি নদীর তীব্র স্রোতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। নিখোঁজ হয়েছেন বহু মানুষ। স্বজন ও ঘরবাড়ি হারিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। মোজো সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষের প্রতিটি মুহূর্তের সঙ্গী হওয়ার পাশাপাশি যেকোনো সংকট ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থাকাকে মোজোর অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেশী দেশের এই সংকট বাংলাদেশের মানুষের হৃদয়েও নাড়া দিয়েছে উল্লেখ করে মোজো বলেছে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে কোনো ভৌগোলিক সীমারেখা বাধা হতে পারে না। এমন কঠিন সময়ে অসহায় মানুষের পাশে থাকাকে মোজো তার মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করে।
চেক হস্তান্তরকালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রতিনিধিরা বলেন, স্বজন ও ঘরবাড়ি হারিয়ে যারা দিশেহারা, তাদের এই শূন্যতা পূরণ করার সাধ্য কারও নেই। কিন্তু এই কঠিন সময়ে আমরা নেপালের মানুষকে একা বোধ করতে দিতে চাই না। প্রতিবেশীর বিপদে পাশে থাকা কোনো সাহায্য নয়, এটি আমাদের দায়িত্ব। মোজো ও বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা, নেপালের মানুষ যেন দ্রুত এই শোক কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে।
মোজো ভবিষ্যতেও যেকোনো সংকট ও দুর্যোগে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।









