ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হয়নি টেলরের। কিন্তু লেগ স্পিনার টড অ্যাস্টল চোট পাওয়াতে ডাক দেওয়া হয়েছে এই তারকাকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১ নভেম্বর।
টি-টোয়েন্টিতে ডাক পাওয়া টেলর অবশ্য ওয়ানডে সিরিজে ছিলেন দুর্দান্ত ফর্মে। তুলেছেন ১৫৫ রান। প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি ছিল। আর সেই ভালো ফর্মই তাকে দলে ফিরিয়েছে বলে জানালেন কোচ মাইক হেসন, ‘রস ভালো ফর্মে আছে। মিডল অর্ডারে ও ভালো একটি অপশন হওয়ায় তাকে নেওয়া হয়েছে। তার অভিজ্ঞতা এই দলে কাজে দেবে।’
এই সিরিজে টি-টোয়েন্টির এক নম্বর র্যাংকিং নিয়ে শুরু করবে সফরকারী নিউজিল্যান্ড। আর ভারতের বিপক্ষে এই ফরম্যাটের সব ম্যাচেই জয় পেয়েছে কিউইরা।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, ট্রেন্ট বোল্ড, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ড হোম, মার্টিন গাপটিল, ম্যাট হ্যানরি, টম ল্যাথাম, হ্যানরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো ও গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক)।








