৫-০ ব্যবধানে না হলেও ৪-০ তে অ্যাশেজ জেতার দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ইংল্যান্ডের বিপক্ষে মার্শ ভ্রাতৃদ্বয়ের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৬৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে অসিরা। জবাবে ইংল্যান্ড চতুর্থ দিনেই ৯৩ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে দ্বিতীয় ইনিংসে। তারা এখনও পিছিয়ে ২১০ রানে। এই টেস্ট বাঁচাতে শেষ দিন লড়াই করতে হবে সফরকারীদের।
সিডনিতে এদিন ৯৮ রান দিয়ে শুরু করেন শন মার্শ। দিনের পঞ্চম বলে ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেন কাভার ড্রাইভে চার মেরে। এরপর ছোট ভাই মিচেল মার্শও হাঁকান সেঞ্চুরি। শন মার্শ ও মিচেল মার্শ জুটিতে আসে ১৬৯ রান। ছোটভাই মিচেল মার্শকে ১০১ রানে বোল্ড করে এই জুটি ভাঙেন কুরান। এরপর পেইনকে সঙ্গে নিয়ে কিছুদূর যাওয়ার পর থিতু হতে পারেননি শন মার্শ। রানের প্রান্ত বদল করতে গিয়ে রান আউট হন ১৫৬ রানে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৬৪৯ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
জবাবে খেলতে নামা ইংল্যান্ড শুরু থেকে অসি পেস আক্রমণে অসহায় হয়ে পড়ে। ওপেনার স্টোনম্যানকে এলবিডাব্লিউ করে ফেরান মিচেল স্টার্ক। ওপেনার অ্যালিস্টার কুককে ১০ রানে বোল্ড করেন স্পিনার নাথান লায়ন। ৬৮ রানে ফেরেন আরও দুজন। ভিন্সকে কামিন্স আর মালানকে ফেরান লায়ন। ক্রিজে আছেন জনি বেয়ারস্টো (১৭) ও অধিনায়ক জো রুট (৪২)।








