দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে সেঞ্চুরির কাছে গিয়ে ৭৭ রানে আউট হয়ে যান মুমিনুল হক। পরের তিন ইনিংসে সেভাবে জ্বলে উঠতে পারেনি। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। তার ব্যাটে ভর করেই দ্বিতীয় সেশন শেষে বড় সংগ্রহের দিকে রয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ২৭৮ রান। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিমও।
মুমিনুল হক ব্যাট করছেন ১২৫ রানে ও মুশফিকুর রহিম ৫৬ রানে। দ্বিতীয় সেশন মূলত নির্বিঘ্নেই পার করেছে মুশফিক-মুমিনুল জুটি। এই জুটি পার করেছে ১৩০ রান। এই জুটিই লঙ্কানদের শাসন করে গড়ে দিচ্ছে বিশাল ইনিংসের মঞ্চ।
অবশ্য এর আগে মূল ভিত্তি গড়ে গেছেন দুই ওপেনার তামিম ও ইমরুল কায়েস। ১০ ইনিংস পর ওপেনিংয়ে ৫০ এর বেশি রানের জুটি গড়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে শুরুটাও দারুণ করেছিলেন তামিম ইকবাল ও ইমরুল।
টস জিতে খেলতে নামলে ধীরে ধীরে লম্বা জুটি গড়েন বাংলাদেশের এই দুই ওপেনার। স্পিন সহায়ক চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে পার করে ৫০ রান। তামিম ইকবাল মাত্র ৪৬ বলে দেখা পান হাফসেঞ্চুরির। ১৪.১ ওভারে একটি রান নিয়ে পূরণ করেন হাফসেঞ্চুরি।
এই জুটিতেই চিন্তার ভাঁজ পড়তে থাকে লঙ্কান শিবিরে। জুটি ভাঙতে ১৩ তম ওভারে অভিজ্ঞ হেরাথকে আনান অধিনায়ক চান্ডিমাল। হেরাথ না পারলেও পেরেরা এনে দেন সাফল্য। ১৬তম ওভারে দিলুরুয়ান পেরেরার স্পিনে পরাস্ত হন তামিম। পা বাড়িয়ে খেলার চেষ্টা করলেও ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত করে স্টাম্পে। ৫৩ বলে তামিম ফিরে যান ৫২ রানে। তার ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছয়।
উল্টো দিকে সাবধান থেকেই খেলছিলেন ইমরুল কায়েস। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন হাফসেঞ্চুরির দিকে। কিন্তু মধ্যাহ্নভোজের একটু আগেই লেগ বিফোরের ফাঁদে পা দেন। সান্দাকানের স্পিনে ৪০ রানে ফেরেন ইমরুল। তার ৭৫ বলের ইনিংসে ছিল ৪টি চার।
তামিমের মঞ্চ গড়ে দেওয়া ফিফটিতে দ্রুতগতিতে দলীয় শত রান তুলে নেন ইমরুল ও মুমিনুল। এই জুটিতে আসে ৪৮ রান। আগেরটিতে আসে ৭২ রান।বিরতির আগে সান্দাকানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল। তবে রিভিউ নিলে নির্ঘাত বেঁচে যেতেন এই ওপেনার। কিন্তু সঙ্গী মুমিনুলের সঙ্গে আলোচনা সেরে রিভিউ না নিয়ে সাজঘরে ফেরেন ইমরুল।








