বেশ কয়েক বছর ধরেই ক্রিকেটে শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুনামটা ধরে রেখেছেন বিরাট কোহলি। যার স্বীকৃতিটা তাকে আবারও দিলো ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের ২০১৯ সালের সংস্করণ। তাকে গত বছরের লিডিং ক্রিকেটার মনোনীত করেছে উইজডেন।
টানা তৃতীয় বছরের মতো এমন স্বীকৃতি পেলেন ভারতীয় অধিনায়ক। এছাড়া উইজডেনের ৫ বর্ষসেরা ক্রিকেটারের একজনও তিনি। বাকি চারজন হলেন- জস বাটলার ও স্যাম কারান, ররি বার্নস ও ইংল্যান্ডের নারী ক্রিকেটার টমি বিউমোন্ট। মেয়েদের ক্রিকেটের লিডিং ক্রিকেটারও অবশ্য ভারতীয় একজন। স্মৃতি মন্ধানা হয়েছেন লিডিং ক্রিকেটার।
২০১৮ সালে তিন ফরম্যাটে দাপিয়ে বেরিয়েছেন ভারতীয় অধিনায়ক। কোহলির ব্যাট যেন ছিলো রান মেশিন। সব মিলিয়ে করেছেন ২ হাজার ৭৩৫ রান।
ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা কোহলি এই সময়ে ৩৭ ইনিংসে হাঁকিয়েছেন ১১টি সেঞ্চুরি। যার ৭টি এসেছে ভারতের দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে। কোহলি সেসব ভেন্যুতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন যেখানে সফরকারী ব্যাটসম্যানরা সাধারণত খেই হারিয়ে ফেলেন!
অপর দিকে মেয়েদের ক্রিকেটে আধিপত্য বিস্তার করা মন্ধানা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছিলেন টপ স্কোরার। ওয়ানডেতে তার সংগ্রহ ছিলো ৬৬৯ রান ও টি-টোয়েন্টিতে ৬৬২। মেয়েদের সুপার লিগেও তিনি ছুটছেন দুরন্ত গতিতে। ১৭৪.৬৮ স্ট্রাইক রেটে সংগ্রহ ৪২১ রান।
টি-টোয়েন্টিতে বল হাতে বছর জুড়ে আলোচনায় ছিলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। তাকে গত বছরের লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মনোনীত করা হয়েছে। গত বছর টি-টোয়েন্টিতে ২২ উইকেট শিকার করেছেন রশিদ খান।
সাধারণত ইংলিশ মৌসুমে প্রভাব বিস্তারকারী ক্রিকেটারদেরকেই বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় নির্বাচিত করে উইজডেন।
Congratulations to the Wisden Five Cricketers of the Year 2019.@Tammy_Beaumont @roryburns17 @josbuttler @CurranSM @imVkohli #wisden2019 #Cricket https://t.co/UbTUV0WYKX pic.twitter.com/ZuDaYnuOvo
— Wisden Almanack (@WisdenAlmanack) April 10, 2019








