জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে সাকিব আল হাসানকে। মূলত আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভেঙে এই শাস্তি পেয়েছেন সাকিব। তবে শুনানিতে সবকিছু মেনে নেওয়ায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ফলে ২০২০ সালের ২৯ অক্টোবরের পর তিনি মাঠে ফিরবেন। তার এই নিষেধাজ্ঞার খবরে হতাশ পুরো ক্রিকেটাঙ্গন। মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিবের পাশে থাকার কথা জানান দিয়েছেন।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পোস্টে হতাশা ব্যক্ত করার পাশাপাশি সহযোদ্ধাকে নিয়ে আশার বাণীও শুনিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারবো যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলবো। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’
জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘কিছু বলার নেই। ভালো থেকো ভাই।’
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘ভাইয়া চিন্তা করবেন না... আপনাকে আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’
আরও পড়ুন: মুশফিকের বিশ্বাস, চ্যাম্পিয়নের মতো ফিরবেন সাকিব
আইসিসির নিষেধাজ্ঞায় একবছর খেলতে পারবেন না সাকিব








