এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। নিঃসন্দেহে তার শূন্যতা ভালোভাবে টের পাবে বাংলাদেশের ক্রিকেট। তবে এই দুঃসময়ে তাকে ভেঙে না পড়তে বললেন জাতীয় দলের সতীর্থরা। ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম জানালেন দীর্ঘদিনের বন্ধুর পাশে থাকার কথা। তার এই নিষেধাজ্ঞায় সমবেদনা জানালেন মুমিনুল হক ও সাব্বির রহমান।
মুশফিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বয়সভিত্তিক থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট- ১৮ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। মাঠে তোমাকে ছাড়া খেলার কথা চিন্তা করাও খুব কষ্টের। আশা করি, তুমি একজন চ্যাম্পিয়নের মতোই ফিরবে। তোমার জন্য আমার সমর্থন সবসময় এবং পুরো বাংলাদেশ পাশে আছে। শক্তিশালী থাকো, ইনশাল্লাহ।’
সাকিবের নিষেধাজ্ঞায় ভারত সফরে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া মুমিনুল লিখেছেন, ‘হৃদয় ভেঙে গেছে। এই মানুষটা কেবল একজনই। আপনাকে ভালোবাসি ভাই। আপনি বাংলাদেশের গর্ব।’
সাব্বিরের পোস্ট, ‘ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটকে চিন্তা করা অনেক কষ্টের। আমি আশা করি যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী হয়ে ফিরবেন আপনি। সবসময় দোয়া থাকবে।’
শুধু ক্রিকেটাররা নয়, সাকিবের এই নিষেধাজ্ঞায় কষ্ট পেয়েছেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ম্যাচ পাতানোর সঙ্গে না জড়িয়েও বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের অন্তত এক বছরের নিষেধাজ্ঞার খবর শোনাটা খুব দুঃখজনক। এই খেলার একজন লিজেন্ড এবং বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড ভালো কিছুর দাবিদার। শক্ত থাকুন আমার ভাই সাকিব আল হাসান। আমি আপনার সঙ্গে আছি। আরও শক্তিশালী হয়ে ফিরবেন। আর আশা করি, এটা যেন আমাদের ক্রিকেটের বিপর্যয়ের শুরু না হয়।’
আরও পড়ুন:
ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!
‘সাকিব খেলতে পারবে না, আমরা শকড’
সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী
ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!
আমরা সাকিবের পাশে আছি: প্রধানমন্ত্রী
টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় তাইজুল, অধিনায়ক মাহমুদউল্লাহ
সাকিব ভক্তদের প্রতিবাদে উত্তাল মিরপুর (ভিডিও)








