হেলালের মৃত্যুতে স্মৃতিভারাতুর পাকির, চুন্নুর মনে জমাট কষ্ট

তানজীম আহমেদ
৩০ মে ২০২০, ১৬:৩৭আপডেট : ৩০ মে ২০২০, ১৬:৪৯

পাকির আলী ও হেলাল। পাকির আলীর অ্যালবাম থেকে- তার মুখে হাসি লেগে থাকতো সবসময়। অসুস্থ অবস্থাতেও দেশের ফুটবল ও খেলাধুলার খোঁজ-খবর নিতেন গোলাম রাব্বানী হেলাল। সেই তিনি আজ দুপুরে কাছের মানুষদের কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। জাতীয় দল  ও আবাহনীতে দাপটের সঙ্গে খেলা এই সাবেক তারকা ফুটবলারের পা আর পড়বে না ক্লাব কিংবা ফুটবলের আঙিনায়। ৬৩ বছর বয়সে নিভে গেছে তার জীবনপ্রদীপ। হেলালের এভাবে চলে যাওয়াতে ব্যথিত তার একসময়ের সতীর্থরা।

আবাহনীর একসময়কার দাপুটে ডিফেন্ডার পাকির আলী ছিলেন হেলালের ঘনিষ্ঠজনদের একজন। শ্রীলঙ্কান এই সাবেক ফুটবলার ও কোচ খেলোয়াড়ি জীবন শেষেও হেলালের সঙ্গে উষ্ণ সম্পর্কে জড়িয়ে ছিলেন। সম্পর্কের সেই সুতোটা ছিঁড়েছুঁড়ে চিরতরে বিদায় নিলেন হেলাল। পাকির আলী আজ শ্রীলঙ্কা থেকে ব্যথিত মনে বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘সে একজন ভালো মানুষ ছিল। আবাহনী ক্লাবকে সে নিজের বাড়ির মতোই মনে করতো। সে ছিল একজন স্টাইলিশ খেলোয়াড়, তার আরেকটি গুন ছিল নতুন খেলোয়াড়দের দেখভাল করতো। অনেককে তো ঢাকার মাঠে খেলার সুযোগও করে দিয়েছে।’

বন্ধুর শেষ বিদায়ে পাকিরের মনটা আজ স্মৃতিভারাতুর, ‘আমরা দুজনেই ভালো বন্ধু ছিলাম। শ্রীলঙ্কায় আমাদের বাসায়ও সে গেছে। আমি ঢাকায় যখন যেতাম তার সঙ্গে দেখা হতোই। এই তো বঙ্গবন্ধু গোল্ডকাপের সময় ওর বাসায় গেলাম। হাসপাতালে ভর্তির আগে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ হতো আমাদের।  আমি ও আমার পরিবার তাকে অনেক মিস করবো। কখনো তাকে ভুলতে পারবো না।’

সাবেক ও বর্তমান ফুটবলারদের কাছে সমানভাবে প্রিয় একজন ফুটবলারের নাম বলতে বললে গোলাম রাব্বানী হেলাল ছাড়া অনেকের মুখেই আর কোনও নাম হয়তো উচ্চারিত হবে না।  সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকের সঙ্গে নিয়মিত আড্ডা হতো তার। সেই আড্ডাটা কমে যায় হেলাল প্রচণ্ডভাবে অসুস্থ হওয়ার পর। তার ছিল আবাহনী অন্ত:প্রাণ। পাকির বলেছেন,‘সে ছিল একজন মজার মানুষ। নানারকম জোকস শোনাতে পছন্দ করতো। সবসময় হাসি-ঠাট্টার মধ্যে থাকতো।  সে সবসময় চাইতো আবাহনী যেন জিততে পারে, আবাহনী যেন ভালো করে। এমন আবাহনী অন্ত:প্রাণ মানুষ কমই দেখেছি।’

১৯৭৫ সালে গোলাম রাব্বানী হেলালের ঢাকায় এসে আবাহনী ক্লাবে পদার্পন। একই সময় আরেক ফুটবল তারকা আশরাফউদ্দিন চুন্নুরও পথচলা। সেই সময়ের আবাহনী দলটিকে বলা হয় ‘সোনালি প্রজন্ম’। সেই সোনালি প্রজন্মের একজনকে হারিয়ে চুন্নু বড় ধাক্কাই যেন পেলেন,‘ আবাহনীতে আমাদের পথচলা প্রায় একইসঙ্গে। একসঙ্গে অনেকদিন আকাশি-নীল জার্সি পরে খেলেছি। একজন ভালো ফুটবলারের পাশাপাশি ভালো মনের মানুষও ছিল হেলাল। সে মূলত স্ট্রাইকার ছিল। তবে দলের প্রয়োজনে অনেক সময় খেলেছে মিডফিল্ডে। আমাদের এই সতীর্থের চলে যাওয়াটা মানতে কষ্ট হচ্ছে। আবাহনীকে ও অনেক ভালোবাসতো। আবাহনীর বাইরে অন্য কিছু চিন্তা করতো না।’

মাঠের অনুশীলনে হেলাল ছিল দুর্দান্ত। চুন্নু তাই বলছিলেন,‘অনুশীলনে সে ছিল সেরা খেলোয়াড়। কিন্তু মাঠের খেলায় কেন যেন অনুশীলনের ৭০-৮০ ভাগের বেশি দিতে দিতে পারতো না। অনুশীলনে যা করতো, সেটা যদি মাঠের খেলায় দেখাতে পারতো তাহলে ও থাকতো দেশের সেরা কয়েকজন ফুটবলারের একজন।’

১৯৮২ সালে আবাহনী- মোহামেডান ম্যাচে গোলযোগ হওয়ায় শুধু আবাহনীরই যে চারজন ফুটবলারকে জেল খাটতে হয়েছে, তাদের একজন ছিলেন হেলাল। ৩৮ বছর আগের সেই সময়ের স্মৃতি ফিরে এলো চুন্নুর কন্ঠে,‘সেই সময় আমাদের চারজনকে ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে ও সালাউদ্দিন ভাইকে যশোরের এবং হেলাল ও আনোয়ারকে রাজশাহীর জেলে নেওয়া হয়। ট্রেনে যাওয়ার সময় যখন পাবনার ঈশ্বরদীতে আমরা আলাদা হবো, তখন হেলালের সে কী কান্না। অঝোরে কাঁদছিল সেদিন সে। আমরা সবাই তখন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি। আসলে ও ছিল উদার মনের একজন মানুষ।’

এই উদার মনের মানুষটার সান্নিধ্য আর কেউ পাবে না। সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন আজ তিনি। তবে আবাহনী অন্ত:প্রাণ ফুটবলার গোলাম রাব্বানী হেলালের সান্নিধ্যের স্মৃতিটা চিরসজীব থাকবে অনেকের কাছে।

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান