বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর মা মিনা হোসেন আর নেই। সোমবার বিকাল চারটায় বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সাবেক এই ক্রিকেটারের মা। গাজী আশরাফের পারিবারিক সূত্র তার মায়ের মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছে। আজ বাদ এশা নামাজে জানাজার পর মোহাম্মদপুর তাজমহল রোডে মরহুমার দাফনকাজ সম্পন্ন হবে।
মুন্সীগন্জের কৃতি সন্তান গাজী আশরাফ হোসেন জাতীয় দলের হয়ে সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইসিসি ট্রফিজয়ী দলের ম্যানেজারের দায়িত্ব ছাড়াও বহু সফরে তিনি জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন আবাহনীর অধিনায়ক, ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর জার্সিতে বহু ম্যাচ খেলেছেন সাবেক এই ক্রিকেটার।
সাবেক অধিনায়কের মায়ের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আবাহনী লিমিটেড, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ স্পোর্টস জানালিস্ট অ্যাসোসিয়েশনসহ অনেক সংগঠন ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে।
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি মিনা হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি বলেছেন, ‘ বিসিবির পক্ষে আমি মরহুম মিনা হোসেনের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা সর্বশক্তিমানের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’








