দিবারাত্রির অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে হেরেছে ভারত। ‘বাঁচাও’ ‘বাঁচাও’ রব উঠে গেছে ভারতীয় ক্রিকেট সমাজে। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলীপ ভেংসরকার বলেছেন ভারতের ব্যাটসম্যানদের পরামর্শ দেওয়ার জন্য কাল বিলম্ব না করে অস্ট্রেলিয়া পাঠানো উচিত রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহও ভারতের প্রথম টেস্টের পারফরম্যান্সে ব্যথিত। দ্বিতীয় টেস্ট থেকে কীভাবে দলের উন্নতি ঘটানো যায় সেটি নিয়ে ভাবছেন বলে জানিয়েছেন হবু সহ-সভাপতি রাজীব শুক্লা।
টেস্টের দ্বিতীয় দিনের শেষেও নিয়ন্ত্রণ হাতে ছিল, কিন্তু তৃতীয় দিনের সকালে অবিশ্বাস্যভাবে ভারত মাত্র ১৫.২ ওভারের মধ্যে অলআউট হয়ে যায়। আড়াইদিনের ব্যবধানে হার মেনে নেয় ৮ উইকেটে। সংবাদ সংস্থা এএনআইকে শুক্লা বলেছেন, ‘আমরাও খুশি নই। আমরাও উদ্বিগ্ন। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহ এটা নিয়ে চিন্তা-ভাবনা করছেন। কী করে পারফরম্যান্সের উন্নতি ঘটানো যায়, তা নিয়ে তারা নির্দিষ্ট কিছু পরিকল্পনা করছেন। টিম ম্যানেজমেন্টের সঙ্গেও তারা যোগাযোগ করবেন। পরের ম্যাচেই ভারতীয় দল ভালো খেলবে বলে আমি আশাবাদী।’
জাতীয় ক্রিকেট একাডেমির রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে না বলে বোর্ডের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন শুক্লা, ‘কাউকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে না। প্রথম ইনিংসে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়েছে। আমরা লিডও নিয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভেঙে পড়ে। মাঝে মাঝে এমন হতে পারে। তবে মনে করি ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে।’
মেলবোর্নে পরবর্তী টেস্ট শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর থেকে। ১-০ তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া পরের তিনটি টেস্টেই জয়ের জন্য ঝাঁপাবে। এদিকে অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি কাটাতে ফিরে আসছেন দেশে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় কব্জিতে বলের আঘাত পেয়ে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামিও। কোহলি এবং শামির বদলি হিসেবে কে কে একাদশে ঢুকবেন এ নিয়েই এখন চলছে জল্পনা।








