যুক্তরাষ্ট্রের ওরিগনে আজ (শুক্রবার) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দৌড়াবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে দৌড়ানোর জন্য এরই মধ্যে সেখানে প্রস্তুতি নিচ্ছেন লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট। বাংলাদেশ সময় রাত দেড়টায় হবে এ ইভেন্টের প্রিলিমিনারি রাউন্ড।
বিশ্ব অ্যাথলেটিক্সকে সামনে রেখে ইমরানুরের প্রস্তুতি খারাপ নয়। এই মাসের শুরুতে লন্ডনে ১০ দশমিক ২২ সেকেন্ডে দৌড় শেষ করেছেন। আজ প্রিলিমিনারিতে ভালো করতে পারলেই হিটে খেলার সুযোগ আসবে। প্রতি হিট থেকে শীর্ষস্থানীয় দুজন পাবেন পরের রাউন্ডে খেলার টিকিট। এরপর পরযায়ক্রমে হবে ২৪ জনের সেমিফাইনাল পর্ব।
ওরিগনে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত ইমরান। লাল-সবুজ জার্সি গায়ে বড় স্বপ্ন ২৮ বছর বয়সী অ্যাথলেটের। সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখানে ভালো কিছু করতে চাই। নিজের সেরা পারফরম্যান্সটা করতে পারলে ভালো লাগবে। তবে টাইমিং নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। আমার ব্যক্তিগত সেরাটাকে ছাপিয়ে যাওয়া বা তেমনই একটা কিছু করতে চাই।’








