নতুন কুঁড়ি স্পোর্টসে নতুন আশা

তানজীম আহমেদ
১৭ আগস্ট ২০২৬, ১১:০০আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১১:০০

আশি-নব্বইয়ের দশক থেকে ‘নতুন কুঁড়ি’ নামে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা নিয়মিত হয়ে আসছে। শিশু শিল্পীদের গান, আবৃত্তি, অভিনয়, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক দক্ষতা প্রদর্শনের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরেই পরিচিত। এর মাধ্যমে বহু খ্যাতনামা শিল্পীর শৈশবের প্রতিভার সঙ্গে পরিচিত হয়েছে জাতি।

এবার সংগীত ও সংস্কৃতির পাশাপাশি খেলাধুলাতেও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি’। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি ইতোমধ্যে সারা দেশে বেশ সাড়া ফেলেছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া ক্ষেত্রে জোর দিয়েছে। তৃণমূল পর্যায় থেকে যেন নতুন ক্রীড়াবিদ উঠে আসেন, সেদিকেই দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। দেশজুড়ে একসঙ্গে আটটি ডিসিপ্লিনে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের এমন উদ্যোগ আগে দেখা যায়নি।

গত ২ মে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামে ২৭ জুলাই। প্রায় এক লাখ ৭০ হাজার কিশোর-কিশোরী আটটি ডিসিপ্লিনে অংশ নিয়ে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছে।

১২ থেকে ১৪ বছর বয়সী অংশগ্রহণকারীদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয় উৎসবের আমেজ। যদিও শুরুতে সাড়া তুলনামূলক কম ছিল। কারণ, এমন আয়োজন আগে কখনও হয়নি। উপজেলা পর্যায়ে অনলাইন নিবন্ধন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়। পরে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে প্রতিযোগিতার মাধ্যমে জেলা, বিভাগ এবং শেষ পর্যন্ত জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য জার্সি, ক্রীড়া সরঞ্জাম ও ভাতার ব্যবস্থা করা হয়। পুরো কর্মসূচিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট, এই আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসব ডিসিপ্লিন থেকেই উঠে এসেছে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়। সামনে ডিসিপ্লিনের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

জাতীয় কাবাডি দলের কোচ আব্দুল জলিল এবার নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। নতুনদের মধ্যে সম্ভাবনা দেখছেন তিনিও। তিনি বলেন, ‘কাবাডিতে এ ধরনের প্রতিভা অন্বেষণ আগে হয়নি। তাই শুরুতে সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে পাওয়া সহজ ছিল না। তবে পরবর্তীতে সারা দেশ থেকে যারা এসেছে, তাদের মধ্যে কয়েকজনের দারুণ সম্ভাবনা দেখেছি। সঠিক পরিচর্যা করতে পারলে কয়েক বছরের মধ্যেই তারা জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে। আমি মনে করি এমন উদ্যোগ ক্রীড়াঙ্গনের জন্য খুব জরুরি ছিল।’

যারা অংশ নিয়েছে, তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। পুরো আয়োজনজুড়ে তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এবার নতুন কুঁড়ি স্পোর্টসে মেয়েদের ফুটবলে দেশসেরা খেলোয়াড় হয়েছেন নাটোরের লালপুর উপজেলার নান্দ গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (ফারিহা মনি)। বাক্‌প্রতিবন্ধী বাবা ও দিনমজুর মায়ের সংসারে ফারিহা যেন নতুন এক স্বপ্নের নাম।

ফুটবল নিয়ে বড় লক্ষ্য ফারিহার। আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে চান নতুন এই প্রতিভাবান খেলোয়াড়। ফারিহা বলেন, ‘আমি বিশ্বমানের খেলোয়াড় হতে চাই। আমার আদর্শ ঋতুপর্ণা আপু। উনি নানা প্রতিকূলতা ছাপিয়ে সাফল্য পেয়েছেন। আমিও ভালো খেলোয়াড় হতে চাই। দেশের প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী যখন আমার মাথায় হাত রেখে দোয়া করেছেন, তখন আমার পিছিয়ে পড়ার সুযোগ নেই। আমি এগিয়ে যেতে চাই।’

সারা দেশে এমন উদ্যোগ এখন থেকে প্রতি বছর আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিভাবানদের নিয়ে বিকেএসপিতে দীর্ঘমেয়াদি অনুশীলনের সুযোগও করে দেওয়া হচ্ছে। লক্ষ্য, এই খুদে প্রতিভাদের যথাযথ পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনা।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও তেমনই আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি খেলার মাধ্যমে সারা দেশে খুদে ক্রীড়াবিদদের মধ্যে সাড়া পড়েছে। নতুন করে উদ্যম শুরু হয়েছে। আমরা এটা প্রতি বছর করতে চাই। যেন খুদে খেলোয়াড়েরা খেলার মধ্যে থাকে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি নিয়মিত খেলার মধ্যে থাকলে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস থেকে দূরে থাকা যায়। সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটা জাতির অন্যতম পরিচয় হতে পারে খেলার মাধ্যমে।’

নতুনদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানিয়েছেন সাবেক এই তারকা। তার ভাষায়, ‘নতুন কুঁড়ির মাধ্যমে যারা উঠে আসছে, তাদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে। বাছাইকৃতদের নিয়ে সারা বছর অনুশীলন ও পড়াশোনার সুযোগ তৈরি করে দেওয়া হবে। যেন তারা সামনের দিকে দেশকে কিছু দিতে পারে। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে সফলতা অর্জন করে সবার মুখ উজ্জ্বল করে।’

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আয়োজন তাই শুধু একটি প্রতিযোগিতা নয়; তৃণমূল থেকে নতুন ক্রীড়াবিদ খুঁজে বের করার সম্ভাবনাময় একটি যাত্রারও শুরু। খেলার মাঠে উঠে আসা এই খুদে প্রতিভাদের যথাযথ পরিচর্যা করা গেলে ভবিষ্যতে তারাই হয়ে উঠতে পারে দেশের ক্রীড়াঙ্গনের নতুন মুখ।

/এফআইআর/ইউএস/
সম্পর্কিত
১৮০ দিনে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি কতটুকু?
সরকারের ১৮০ দিন: উদ্যোগ অনেক, বাস্তবায়নে বড় পরীক্ষা
সরকারের ১৮০ দিনে অর্থনীতির গতি কতটা ফিরলো
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৫২
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৫২
১৮০ দিনে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি কতটুকু?
১৮০ দিনে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি কতটুকু?
গোল্ডেন জিপিএ নয়, প্রয়োজন শেখার সক্ষমতা
গোল্ডেন জিপিএ নয়, প্রয়োজন শেখার সক্ষমতা
বিকল্প ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরলেন ১২৭ যাত্রী
বিকল্প ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরলেন ১২৭ যাত্রী
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব