২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে হয়েছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। প্রায় ১৩ বছর পর এবার সেখানেই হবে ২০২৭ নারী বিশ্বকাপের ফাইনাল। এর আগে শুরুর ম্যাচও হবে সেখানে।
বৃহস্পতিবার ৩২ দলের বিশ্বকাপের অগ্রিম সূচি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা।
মারাকানায় আগামী ২৪ জুন ব্রাজিলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। দক্ষিণ আমেরিকার মাটিতে এটাই প্রথম নারী বিশ্বকাপ। প্রায় এক মাসের লড়াইয়ের পর ২৫ জুলাই মারাকানায়ই হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপের আট আয়োজক শহরের প্রতিটিতে অন্তত সাতটি করে ম্যাচ হবে। প্রতিটি শহরেই অন্তত একটি নকআউট ম্যাচ রাখা হয়েছে। ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফি ও সালভাদরে হবে শেষ ষোলো পর্যন্ত ম্যাচ।
এরপর কোয়ার্টার-ফাইনাল হবে বেলো হরিজন্তে, ফোর্তালেজা, রিও ডি জেনেইরো ও সাও পাওলোতে। সেমি-ফাইনালের আয়োজক রিও ডি জেনেইরো ও সাও পাওলো।
এই সূচি ঘোষণার মধ্য দিয়ে অন্যরকম এক রেকর্ডেরও অংশ হয়ে গেল মারাকানা। পুরুষ ও নারী- দুই ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা মাত্র তৃতীয় স্টেডিয়াম হবে এটি। এর আগে সুইডেনের রাসুন্দা স্টেডিয়াম ও যুক্তরাষ্ট্রের পাসাডেনার রোজ বোল এই কীর্তি গড়েছিল।








