সানরাইজার্স হায়দরাবাদে মুস্তাফিজেরই সতীর্থ ট্রেন্ট বোল্ট। আইপিএল-এর এবারের আসরে এখনও কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। দাবি করেছেন মুস্তাফিজের চেয়েও বেশি আগ্রাসী বোলার তিনি।
ভারতীয় পত্রিকা ‘ডেকান ক্রনিক্যাল’ কে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্ট বলেছেন, ‘আমরা দুজন একেবারেই ভিন্ন মানের বোলার। নিজেকে বেশি আগ্রাসী মনেকরি। সামনে থেকে সুইং বোলিংয়ে উইকেট নিতে জানি। তবে মুস্তাফিজ নিজের পেস বোলিংয়ের ক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ। তার ইয়র্কারগুলো অসাধারণ।’
সানরাইজার্সের হয়ে এখনও একাদশে জায়গা পাননি বোল্ট। বিশেষ করে মুস্তাফিজ, ভুবনেশ্বর ও নেহরাদের মতো বোলাররা থাকায় একাদশে স্থান করে নিতে পারছেন না বোল্ট। এ অবস্থায় মুস্তাফিজের প্রশংসা করতে ভুলেননি তিনি। বোল্ট বলেন, ‘দল সত্যিই দুর্দান্ত খেলছে। পুরো স্কোয়াডটাই দুর্দান্ত। মুস্তাফিজ সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে। সঙ্গে ভুবনেশ্বর, নেহরা তাকে ভালোই সঙ্গ দিচ্ছে। সত্যিই এটা ভালো প্রতিযোগিতা। আমি একাদশে সুযোগ পেলে দলকে এভাবেই সহায়তা করতে পারবো।’
/এফআইআর/








