মাত্র ১৩৭ রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টসকে হারালো মুস্তাফিজের হায়দরাবাদ সানরাইজার্স। মঙ্গলবার রাতে কোনও বোলারের একক নৈপুণ্য নয় সম্মিলিত প্রচেষ্টায় ম্যাচ জিতেছে ডেভিড ওয়ার্নারের দল।
শেষ দুই ওভারে পুনের দরকার ছিল ২২ রান। ১৯তম ওভারটি করতে এসে মুস্তাফিজ দেন ৮ রান। শেষ ওভারে পুনের প্রয়োজন দাঁড়ায় ১৪ রান। ওই ওভারে ৯ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন নেহরা। ফলে ৪ রানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স।
৪ ওভারে ২৬ রান দিয়েছেন মুস্তাফিজ। তবে উইকেট পাননি। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২০ রানে নিয়েছেন এক উইকেট। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নেহরা।
পুনে সুপার জায়ন্টসের অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার বোলিংয়ের সামনে ৮ উইকেটে মাত্র ১৩৭ রানেই থেমে যেতে হয়েছে মুস্তাফিজের হায়দরাবাদকে। ৪ ওভারে ১৯ রান দিয়ে জাম্পা একাই নিয়েছেন ৬ উইকেট। এবারের আইপিএল-এর সেরা বোলিং ফিগার এটি। যদিও তা বিফলেই গিয়েছে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে সানরাইজার্স। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর শিখর ধাওয়ান মাত্র ১৮ রানের জুটি গড়েন। ১৪ বল খেলে ১১ রান করে আউট হয়ে যান ওয়ার্নার। ২৭ বল খেলে সর্বোচ্চ ৩৩ রান করেন শিখর ধাওয়ান। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস খেলেন ৩৭ বল; কিন্তু রান করেন মাত্র ৩১টি। ২১ বল খেলে ২৩ রান করেন যুবরাজ। নিজের নামের প্রতি সুবিচার বলতে যা বোঝায় সেটা মোটেও করতে পারলেন না তিনি। ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন। তবে আউট হওয়ার আগে ২টি ছক্কা এবং ১টি বাউন্ডারি মারেন তিনি। দীপক হুদা করেন ১৪ রান এবং ১০ রান করেন হেনরিকস। অ্যাডাম জাম্পা একাই সর্বনাশ করেন হায়দারাবাদের। ১৯ রান দিয়ে তিনি একাই নেন ৬ উইকেট। বাকি ২ উইকেট নেন আরপি সিং এবং রবিচন্দ্র অশ্বিন।
জবাবে শুরুটা ভালো করতে পারেনি পুনেও। কোনও রান না করে ফিরে যান আজিঙ্কা রাহানে। দলীয় ১৯ রানে ফিরে যান উসমান খাজা। এরপর প্রতিরোধ গড়েন জর্জ বেইলি ও রবীচন্দ্র অশ্বিন। তবে রানের চাকা খুব একটা সচল রাখতে পারেননি তারা।
৪০ বলে ৩৪ রান করে ফিরে যান বেইলি। কিছুক্ষণ পর ফিরে যান অশ্বিন (২৯)। এরপর সৌরভ তিওয়ারি আউট হলে ম্যাচ জমে যায়।
শেষ ৩ ওভারে পুনের লক্ষ্য দাঁড়ায় ৩৭ রান। কিন্তু ১৮তম ওভারে ১৫ রান দিয়ে দেন আগের স্পেলে দুর্দান্ত বোলিং করা ভুবনেশ্বর কুমার। শেষ দুই ওভারে পুনের লক্ষ্য দাঁড়ায় ২২ রান। ক্রিজে ছিলেন এম এস ধোনি ও থিসারা পেরেরা। ১৯তম ওভার করতে আসেন মুস্তাফিজ। ওই ওভারে মাত্র ৮ রান দেন মুস্তাফিজ। ফলে শেষ ওভারে জয়ের জন্য ধোনিদের প্রয়োজন দাঁড়ায় ১৪ রান। বল করতে আসেন আশিষ নেহরা।
প্রথম বলে ১ রান নেন পেরেরা। পরের বলে আবার সিঙ্গেল নেন ধোনি। তৃতীয় বলে আউট পেরেরা। চতুর্থ বলে ৬ মেরে ম্যাচ আরও জমিয়ে দেন ধোনি। পরের বলে রান আউটের শিকার হন ধোনি। শেষ বলে প্রয়োজন দাঁড়ায় ৫ রান। তবে ওই বলে আউট হন জাম্পা। ফলে ৪ রানে ম্যাচ জিতে নেয় পুনে।
/এমআর/







