আইপিএল শেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসেছেন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। খেলছেন ঢাকা আবাহনীর হয়ে। দলে আছেন তার কলকাতা নাইট রাইডার্স সতীর্থ সাকিব আল হাসান। আজ বুধবার প্রথম ম্যাচে ব্যাট হাতে আবাহনীর হয়ে ঝড় তুলেছেন ইউসুফ পাঠান। ৪৭ বলে ৬০ রানের ইনিংস খেলে আবাহনীকে জিতিয়েছেন তিনি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমানের বেশ প্রশংসাই করলেন তিনি। ইউসুফ পাঠান বলেন, 'মুস্তাফিজের হায়দরাবাদের বিপক্ষে আইপিএল-এর দুটি ম্যাচেই আমরা ভালো করেছিলাম। তার বিপক্ষে রান করতে সক্ষম হয়েছিলাম। তবে আমি মনে করি সে বিশ্ব ক্রিকেটের বড় আবিষ্কার, খুবই ব্রিলিয়ান্ট।'
ঢাকায় খেলতে এসে খুব একটা সমস্যা হচ্ছে না বলেও জানালেন ইউসুফ। তিনি বলেন, 'আমি পেশাদার ক্রিকেটার। বিভিন্ন দলের হয়ে খেলেছি। আর আবাহনীতে সাকিব থাকায় সুবিধা হয়েছে। গত ছয় বছর ধরে আমরা কলকাতার হয়ে খেলছি। সাকিবের সঙ্গে একই দলে খেলাটা আমার জন্য বেশ সুবিধার হয়েছে।'
/এমআর/








