ত্রিদেশীয় সিরিজটি একরকম নির্ধারিত করাই ছিল, বাকি ছিল শুধু সময়সূচি নির্ধারন। সেটিও করে ফেললো আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। যেখানে প্রথম ম্যাচেই স্বাগতিক আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ।
আগামী বছর জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে মাশরাফিরা। মূলত সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ইংলিশ আবহাওয়া মানিয়ে নিতে এই ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। টুর্নামেন্টে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা দলই সিরিজ বিজয়ী হিসেবে বিবেচিত হবে।
২০১৭ সালের ১২ মে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ছয় ম্যাচের সিরিজ। ১৪ মে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। ওয়ানডের বর্তমান রানার্সআপ দল কিউইদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ মাশরাফিরা খেলবে ২৪ মে।
/এমআর/








