আগের ম্যাচে সেন্ট লুসিয়া জুকসের কাছে ৬৩ রানে হেরেছিল জ্যামাইকা তালাওয়াস। দিন ঘুরতেই
সেই লুসিয়ার কাছে আবারও হারলো সাকিব আল হাসানের দল। ব্যবধান কমেছে মাত্র। রবিবার তারা হেরেছে ১৭ রানে।
সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে টানা দুই ম্যাচে হারলেও সরাসরি ফাইনাল নিশ্চিতের সুযোগ থাকছে সাকিব-গেইলদের সামনে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম প্লে-অফ নিশ্চিত করেছে জ্যামাইকা তালাওয়াস। প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
জ্যামাইকা সাকিবকে খেলাচ্ছে লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে। এদিন সাকিব যখন নামলেন আট নম্বরে দলের প্রয়োজন ছিল ২১ বলে প্রয়োজন ছিল ৪৯ রান। ৯ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। তাতে হার এড়াতে পারেনি জ্যামাইকা। বল হাতে সাকিব এদিন ৩ ওভারে ২১ রান দিয়েছেন।
সেন্ট লুসিয়া জুকোসের দেওয়া ১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৭৭।
অধিনায়ক ক্রিস গেইলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ (১৫) রান। চাদউইক ওয়াল্টন ১৫, কুমার সাঙ্গাকারা ২৪, রোভম্যান পাওয়েল ২৮, আন্দ্রে রাসেল ২১, তিমরয় অ্যালেন ১৯ রান করে আউট হন।
এ ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গেইল। সেন্ট লুসিয়ার ওপেনিং জুটিতেই ১০৪ রান তোলেন আন্দ্রে ফ্লেচার (৫৪ বলে ৭০) ও জনসন চার্লস (৩৫ বলে ৬৪)। মাইক হাসি ৮ রান করে সাজঘরে ফেরেন। স্যামি ৬ ও ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে অপরাজিত থাকেন ম্যাচসেরা ওয়াটসন।
বল হাতে রোভম্যান পাওয়েল দু’টি ও বাকি উইকেটটি নেন গ্যারি মাথুরিন। তিন ওভারে ২১ রান খরচায় উইকেটশূন্য থাকেন সাকিব। বৃহস্পতিবার (৪ আগস্ট) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল গায়ানা ও জ্যামাইকা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
/এমআর/








