টেস্টে উইকেটের সেঞ্চুরি পূরণ করলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টেই নিজের শততম উইকেট শিকার করেছেন অসি এই পেসার।
ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কার কুসল মেন্ডিসকে আউট করে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
টেস্ট ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার ৩৭তম বোলার এখন স্টার্ক। আর বাঁহাতি হিসেবে চতুর্থ। ম্যাচের প্রথম বলেই ওপেনার দিমুথ করুনারত্নেকেও আউট করেন স্টার্ক।
২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া ২৬ বছর বয়সী এ পেসার ২৭তম টেস্টে এসে ১০০ উইকেট শিকার করলেন।
এই টেস্টে টস জিতে ব্যাট করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৮১ রানে। অসিদের পক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন স্টার্ক।
জবাবে প্রথম দিন শেষে অসিদের সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান।
/এফআইআর/








