ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন অবৈধ অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। এরপর থেকেই এই দুজন নিজেদের অ্যাকশন শোধরাতে কঠোর পরিশ্রম করে আসছেন।
নিয়ম অনুযায়ী আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়ে নিজেদের অ্যাকশন শুদ্ধ প্রমাণ করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তারা। সে লক্ষ্যে আগামী ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন। অন্যদিকে আরাফাত সানির যাওয়ার বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুষ বাংলা ট্রিবিউনকে বলেন, 'আগামী ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা দেবেন তাসকিন আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকলে ৮ সেপ্টেম্বর ব্রিসবেনে আইসিসি অনুমোদিত ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেবেন তিনি।'
উল্লেখ্য এর আগে ভারতের চেন্নাইয়ে অবস্থিত স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলেন তাসকিন। এবার ভারত নয় অস্ট্রেলিয়ায় পরীক্ষা দেবেন তিনি।
/আরআই/এমআর/






