গর্ডন গ্রিনিজের হাত ধরে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। এরপর থেকে দারুণ সব কোচিং স্টাফ পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। গর্ডন গ্রিনিজ থেকে শুরু করে ডেভ হোয়াটমোর, মহসিন কামাল, জেমি সিডন্স, স্টুয়ার্ট ল’সহ বেশ কয়েকজন নামী কোচ কোচিং করিয়েছেন টাইগারদের। বর্তমান বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহেও প্রমাণ দিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে। গ্রিনিজ বাদে বাকি কারোরই ক্রিকেট ক্যারিয়ার তেমন উজ্জ্বল নয়, যদিও কোচিংয়ে আলো ছড়িয়েছেন ঠিকই।
বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে এর আগে হাইপ্রোফাইল কোচ বলতে হিথস্ট্রিকই ছিলেন। তবে সবকিছু ছাপিয়ে বিসিবি ক্রিকেট বিশ্বের মহাতারকা কোর্টনি ওয়ালশকে মাশরাফিদের বোলিং কোচ করে নিয়ে এসেছে। আর কোচ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছেন খেলোয়াড় হিসেবে অতুলনীয় এই ক্যারিবিয়ান কিংবদন্তি।
তাই বাংলাদেশের ক্রিকেটে তার মতো একজন গ্রেটের অন্তর্ভুক্তি ইতিবাচক কিছুই ঘটবে বলে বিশ্বাস করেন নাজমুল হাসান পাপন। শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে ফিরে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ওয়ালশ মেন্টর হিসেবে দারুণ। কোচ হিসেবে নাম ডাক না থাকলেও টেকনিক্যাল দিক দিয়ে তিনি অসাধারণ। ছেলেদের তৈরি করার জন্য ওয়ালশ জানে কী করতে হবে এবং কী করা দরকার। এখন আমাদের ছেলেদের কতটুকু দিতে পারবে, এটা সময়ই বলে দেবে। তবে আমার ধারণা, তিনি আমাদের পেস বোলিংয়ের জন্য বিরাট পাওয়া। যার মাধ্যমে আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো।’
কোর্টনি ওয়ালশকে প্রথম পছন্দের তালিকায় রেখেছিল বিসিবি। এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা একজন ফাস্ট বোলিং কোচ খুঁজছিলাম। এই জন্য তিনজনের সঙ্গে কথা চলছিল আমাদের। প্রথম পছন্দ ছিল কোর্টনি ওয়ালশ। যদিও তার জাতীয় দলে কোচিং করার বিষয়ে কোনও অভিজ্ঞতা নেই। তারপরও তার মতো একজন ফাস্ট বোলিং লিজেন্ড যে কোনও দলই পেতে চাইবে। খেলার প্রতি তার আগ্রহটা এখনো অনেক। সবমিলিয়ে এজন্যই তাকে আমরা পছন্দ করেছি।’
/আরআই/এফআইআর/








