বয়স মাত্র ২৭। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই পড়েছিল রাইলি রোসোর। যদিও এই বয়সেই দক্ষিণ আফ্রিকাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই ব্যাটসম্যান।
রোসো কাউন্টি খেলবেন হ্যাম্পশায়ারের হয়ে। দলটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন তিনি। পুরোটা সময় কাউন্টিতে কাটানোর জন্য দক্ষিণ আফ্রিকা ক্যারিয়ারকে দিতে হয়েছে বিদায়। বুধবার প্রোটিয়াদের আরেক ক্রিকেটার কাইল অ্যাবটও হ্যাম্পশায়ারে খেলার জন্য ইতি টেনেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। একসঙ্গে দুই ক্রিকেটারের চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে কোচ রাসেল ডোমিঙ্গোকে। রোসোর সিদ্ধান্তকে কিছুতেই মানতে পারছেন না তিনি, ‘ও (রোসো) যখন পাঁচবার শূন্য রানে আউট হয়েছিল, আমরা কিন্তু পাশে ছিলাম। এর পরও যদি এমনটা হয়, তাহলে কি-ই বা বলার থাকে।’
২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় রোসোর। মাস কয়েক পর টি-টোয়েন্টি জার্সিও গায়ে উঠে তার। দুই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রোসো ৩৬ ওয়ানডেতে ৩৮.৭১ গড়ে করেছেন ১,২৩৯ রান। যাতে ৩টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ৭টি হাফসেঞ্চুরি। ১৫ ওয়ানডেতে ২৯.৭২ গড়ে রোসোর রান ৩২৭। রয়েছে দুটি হাফসেঞ্চুরি। ক্রিকইনফো
/কেআর/








