তুষার ইমরান ও মোহাম্মদ মিথুনের সেঞ্চুরিতে বাংলাদেশ ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে প্রথম দিনটা দারুণ কাটিয়েছে দক্ষিণাঞ্চল। ব্যাটসম্যানদের সৌজন্যে ভালো দিন পার করেছে উত্তরাঞ্চলও।
সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে মধ্যাঞ্চলের মুখোমুখি হয় দক্ষিণাঞ্চল। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা কাজে লাগায় তারা। আরেকটি ফিফটি মেরে ভালো ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে ফজলে মাহমুদের সঙ্গে তিনি করেন ৮৮ রান। ফজলের (৩৯) উইকেটটি নিয়ে এ জুটি ভাঙেন মোশাররফ হোসেন। তাকে অনুসরণ করে কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন ইমরুল। ৫৭ রানে শুভাগত হোমের বলে বোল্ড হন তিনি।
দিনের বাকি সময় ২২ গজে অপরাজিত থেকেছেন তুষার ও মিথুন। তৃতীয় উইকেটে তারা ২১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। ১৭৯ বল খেলে মিথুন মেরেছেন ১৩ চার ও ৩ ছয়, অপরাজিত ১২৭ রানে। অন্যদিকে তুষার ৯টি চারে ১৬১ বলে খেলে দিন শেষ করেছেন ১০১ রানে। ২ উইকেটে ৩২৫ রানে প্রথম দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল।
পূর্বাঞ্চলের বিপক্ষে ফতুল্লায় প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০৫ রান করেছে উত্তরাঞ্চল। মাত্র ১০ রানে ওপেনার ও অধিনায়ক জহুরুল ইসলামকে (৮) হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।
জুনায়েদ সিদ্দিকীর সঙ্গে দ্বিতীয় উইকেটে ২০৪ রানের জুটি গড়েন ফরহাদ হোসেন। ২১৭ বলে ১৪ চার ও ৩টি ছয়ে ইনিংস সেরা ১০৮ রানে আউট হন ফরহাদ।
১৮ রানের ব্যবধানে নাঈম ইসলাম ও জুনায়েদ আউট হন। ৮৪ রান করেন জুনায়েদ। নতুন দুই ব্যাটসম্যান নাসির হোসেন ও নাজমুল হাসান শান্ত অপরাজিত থেকে দিন শেষ করতে পারতেন। কিন্তু দিনের শেষ ঘোষণার কিছুক্ষণে আগে ৪০ রানে আউট হন নাসির। ৩৩ রানে নাজমুল ও ধীমান ঘোষ ৪ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিন পূর্বাঞ্চলের পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/








