আম্পায়ারদের ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিনব প্রতিবাদ করে গত ১১ এপ্রিল ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে লালমাটিয়া ক্লাবের বোলার মোহাম্মদ সুজন মাহমুদ এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে ৪ বলে ৯২ রান দিয়েছিলেন। ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করা ঘটনার শাস্তি হিসেবে দ্বিতীয় বিভাগের দল লালমাটিয়া ক্লাবকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই শাস্তি পেয়েছে ফিয়ার ফাইটার্স ক্লাবও।
ফিয়ার ফাইটার্স ক্লাবের বিপক্ষেও অভিযোগ একই। এই দলের বোলার তাসনিম হাসান ১.১ ওভারে দিয়েছিলেন ৬৯ রান। দ্বিতীয় বিভাগে এমন বাজে কয়েকটি ঘটনার পর বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয়। কমিটির তদন্তের পর কঠিন শাস্তির মুখে পড়েছে দ্বিতীয় বিভাগের দুই ক্লাব।
লালমাটিয়ার বোলার সুজন মাহমুদের ৪ বলে ৯২ রান ও ফিয়ার ফাইটার্স বোলার তাসনিম হাসানের ১.১ ওভার বল করে ৬৯ রানের বিষয়টির তদন্ত শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শেখ সোহেল ঘটনাটির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে কঠিন শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমাটিয়ার বোলার সুজন মাহমুদ ও ফিয়ার ফাইটার্স বোলার তাসনিম হাসান ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। এছাড়া লালমাটিয়া ক্লাব ও ফিয়ার ফাইটার্স ক্লাবকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি। শুধু তাই নয়, দুই দলের ম্যানেজার, অধিনায়ক ও কোচকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ওই ম্যাচের দুই আম্পায়ার হয়েছেন ৬ মাসের জন্য নিষিদ্ধ।
বিষয়টি নিয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, ‘ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করতেই এমনটা করা হয়েছে। আমরা তাই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি। ভবিষ্যতে কেউ যেন এমন কিছু করার সাহস না দেখায়।’
আম্পায়ারদের শাস্তি দেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ঘটনার পরও কেন আম্পায়ার খেলা চালিয়ে গেলেন। তারা তখনই খেলা বন্ধ করে দিতে পারতেন।’
আম্পায়ারদের বিরুদ্ধে অভিযোগ, সেদিন ব্যাটিং করতে নামলে তারা সুজনকে বলেছিলেন দ্রুত আউট হয়ে খেলা শেষ করতে। তা না হলে তারাই নাকি তাকে আউট দিয়ে দেবেন! আম্পায়ারদের এমন অপেশাদার কথার প্রতিবাদেই সুজন সেদিন অমন ‘লঙ্কাকাণ্ড’ ঘটিয়েছিলেন। ওই ম্যাচে সুজনের এক ওভারেই ৮৯ রানের লক্ষ্য টপকে ৯২ রান সংগ্রহ করে এক্সিওম ক্রিকেটার্স।
এর আগের দিন (১০ এপ্রিল) ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে ফিয়ার ফাইটার্সের বোলার তাসনিম হাসান ১.১ ওভার বল করে দিয়েছিলেন ৬৯ রান।
/আরআই/কেআর/








