জাতীয় দলে নেই অনেক দিন ধরে। তবু আজ অনন্য উচ্চতায় রকিবুল হাসান। তিনি এখন ঘরোয়া ক্রিকেটের দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। ২০০৬-৭ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে সিলেটের বিপক্ষে অপরাজিত ৩১৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রকিবুল। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সোমবার আরেকটা কীর্তি গড়লেন তিনি, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেললেন ১৯০ রানের অনবদ্য ইনিংস। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড।
চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর ছুড়ে দেওয়া ৩৬৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাট করতে নামা মোহামেডানকে অবিস্মরণীয় জয়ের স্বপ্ন দেখাচ্ছিল রকিবুলের ইনিংসটি। শেষ পর্যন্ত মোহামেডান জিততে পারে নি, রকিবুলও পান নি ডাবল সেঞ্চুরি। ১৩৮ বলের অসাধারণ ইনিংসটা নির্মিত ১৭টি চার ও ১০টি ছক্কায়।
মাত্র ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও তা নিয়ে রকিবুলের মনে আক্ষেপ নেই। তবে হারের হতাশা তিনি লুকিয়ে রাখতে পারেন নি। খেলা শেষে মোহামেডান অধিনায়ক বলেছেন, ‘খানিকটা আক্ষেপ তো রয়েছেই। তবে বড় ইনিংস খেলতে পেরে ভালো লাগছে। আমি মনে করি, ডাবল সেঞ্চুরি না পাওয়া নিয়ে আক্ষেপ করার কিছু নেই। আমরা ভালো খেলেছি। তবে বড় ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে না পেরে খারাপ লাগছে।’
লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তার পঞ্চম সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ইনিংস ছিল ১৩৩ রানের। জাতীয় লিগের ৩১৩ নাকি প্রিমিয়ার লিগের ১৯০ কোনটি সেরা প্রশ্নে রকিবুলের উত্তর, ‘ওটা লঙ্গার ভার্সনের ক্রিকেটে সেরা ইনিংস। এর এটা ৫০ ওভারের ক্রিকেটে সেরা ইনিংস।’
জাতীয় দলের দরজা অনেক দিন ধরে বন্ধ। সহসা খোলার সম্ভাবনাও ক্ষীণ। তবে রকিবুলের জন্য সুখবর, আবাহনী-মোহামেডান ম্যাচ মাঠে বসে দেখেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। এমন চমৎকার ইনিংসের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন? রকিবুলের সোজাসাপ্টা উত্তর, ‘সত্যি কথা বলতে, মাথায় এসব কিছু নেই। এ মুহূর্তে আমি মোহামেডানের হয়ে খেলছি এটাই বড় কথা। স্বপ্ন অবশ্যই আছে। কিন্তু এ নিয়ে মাথা ঘামাচ্ছি না।’
বড় দৈর্ঘ্যের পাশাপাশি তিনি এখন ৫০ ওভারের ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। ব্যাটসম্যান হিসেবে আগের চেয়ে অনেক পরিণত। এমন সাফল্যের রহস্য সম্পর্কে রকিবুলের মন্তব্য, ‘সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শেখে, তার অভিজ্ঞতা বাড়ে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য পাওয়া সহজ। যেভাবে খেলছি, সেটাই আমার স্বাভাবিক ব্যাটিং। ব্যক্তিগতভাবে মনে করি, ক্রিকেটের তিনটি সংস্করণের জন্যই আমি উপযুক্ত।’
ঢাকা প্রিমিয়ার লিগের সেরা পাঁচ ইনিংস
ইনিংস | ব্যাটসম্যান | দল | প্রতিপক্ষ | ভেন্যু | মৌসুম |
১৯০ | রকিবুল হাসান | মোহামেডান | আবাহনী | বিকেএসপি | ২০১৬-১৭ |
১৬১* | চামারা কাপুগেদারা | ভিক্টোরিয়া | প্রাইম ব্যাংক | ফতুল্লা | ২০১৪-১৫ |
১৫৭* | রবি বোপারা | প্রাইম ব্যাংক | মোহামেডান | ফতুল্লা | ২০১৩-১৪ |
১৫৭ | তামিম ইকবাল | মোহামেডান | কলাবাগান ক্রীড়াচক্র | বিকেএসপি | ২০১৬-১৭ |
১৫২ | মুমিনুল হক | গাজী ক্রিকেটার্স | প্রাইম দোলেশ্বর | বিকেএসপি | ২০১৬-১৭ |
/আরআই/এএআর/
আরও পড়ুন:








