যে যার ঘরে দাপুটে, অন্তত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াই নিয়ে এটা বলা যায়। তাসমান সাগরের এপাড়-ওপাড়ের দুই প্রতিদ্বন্দ্বী গত ছয় মাসে দুটি চ্যাপেল-হ্যাডলি সিরিজ খেলেছে- অস্ট্রেলিয়া জিতেছে অস্ট্রেলিয়ায় এবং নিউজিল্যান্ড জিতেছে নিউজিল্যান্ডে। আর শেষবার তারা নিরপেক্ষ ভেন্যুতে ওয়ানডে খেলেছে এজবাস্টনে, ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির ওই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। চার বছর পর আবার দুই দল একই প্রতিযোগিতায় মুখোমুখি, সেই একই ভেন্যুতে।
চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। খেলাটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস ১।
বেতন নিয়ে বোর্ডের সঙ্গে চলছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের বাকবিতণ্ডা। ইস্যুটির সমাধান এখনও হয়নি। তাই টুর্নামেন্টের পারফরম্যান্সে এর প্রভাব পড়ে কি না তা নিয়ে চলছে গবেষণা। কিন্তু অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়ে দিয়েছেন- আগামী কয়েক সপ্তাহ এ বিষয় একপাশে সরিয়ে রাখবে তার দল।
অবশ্য দুই দলের লড়াইয়ে অস্ট্রেলিয়া প্রস্তুতিতে খানিকটা পিছিয়ে। গত চার মাসে তাদের ওয়ানডে দল একসঙ্গে একটিও ম্যাচ খেলেনি, শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়া। পাকিস্তানের বিপক্ষে অন্য প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে হয়নি।
অন্যদিকে নিউজিল্যান্ড গত মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে হয়েছে চ্যাম্পিয়ন। তার আগে মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ খেলেছে কিউইরা। এজন্য সম্ভবত ৫০ ওভারের প্রস্তুতিতে অস্ট্রেলিয়ানদের চেয়ে এগিয়ে তারা।
বার্মিংহামের এ মাঠে যদি সুইং ঠিকঠাক হয়, তাহলে দুই দলের জন্য পেস আক্রমণ হবে সাফল্যের মূল চাবিকাঠি। এই প্রথমবার অস্ট্রেলিয়া তাদের মূল চার ফাস্ট বোলারের সবাইকে পাচ্ছে। যদিও মিচেল স্টার্ক, জোশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসনের সবাইকে না খেলানোর কথা বলেছেন স্মিথ।
অন্যদিকে নিউজিল্যান্ডের আছে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে তটস্থ করে রাখতে তাদের সঙ্গে যোগ দেবেন অ্যাডাম মিলনে ও মিচেল ম্যাকক্লেনাঘান। যদি ফাস্ট বোলাররা তাদের মতো করে বল করতে না পারেন তাহলে বড় একটা দলীয় স্কোর দেখা যাবে আজকের চ্যাম্পিয়নস ট্রফিতে।
দুই দলই জানে প্রথম ম্যাচ জিতলে সেমিফাইনালের পথে বড় ধাপ ফেলবে তাদের একজন। গ্রুপে তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। এখন প্রশ্ন, দেশের মাটিতে অদম্য দল দুটির মধ্যে কে নিরপেক্ষ ভেন্যুতে সেরা হতে পারবে?
/এফএইচএম/








