৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে সৌম্য সরকার আবারও হতাশ করলেন। মাত্র ৯ রানে প্যাট কামিন্সের বলে ম্যাট রেনশর ক্যাচ হলেন বাংলাদেশি ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তার সর্বোচ্চ রান ৩৩, চট্টগ্রামে প্রথম ইনিংসে। ঢাকা টেস্টে এ ওপেনার করেছিলেন ৮ ও ১৫ রান।
দ্বিতীয় ইনিংসে ১১ রানে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া। ১ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১১ রান। তামিম ইকবালের সঙ্গে ক্রিজে আছেন ইমরুল কায়েস।
এর আগে ৯ উইকেটে ৩৭৭ রানে বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অসিরা। নাথান লিওন ও স্টিভ ও’কিফের শেষ জুটি আর কোনও রান করতে পারেননি। রানের খাতা না খুলেই উইকেট হারায় তারা।
প্রথম ওভার সাকিব আল হাসান রান করতে দেননি ও’কিফকে। পরের ওভারে মোস্তাফিজুর রহমান বল হাতে নেন। লিওন তার চারটি বল সামলে নিলেও পঞ্চম বলে ইমরুল কায়েসকে ক্যাচ দেন। ৩৭৭ রানেই অলআউট অস্ট্রেলিয়া।
বাংলাদেশের ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারের ১২৩ রান ও পিটার হ্যান্ডসকম্বের ৮২ রানে তারা সাড়ে তিনশ’র উপর রান করে।
মোস্তাফিজ সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৩টি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।








