ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠলেন সিকান্দার রাজা। ব্যাট হাতে ৮০ রান করা এই স্পিনার পেশাদারি ক্রিকেটে প্রথমবার পেলেন ৫ উইকেটের দেখা। এরপরও দিন শেষে স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম উইকেটে শেন ডাওরিচ ও জেসন হোল্ডারের অবিছিন্ন ১৪৪ রানের জুটির ওপর ভর দিয়ে ক্যারিবিয়ানরা পেয়েছে ৪৮ রানের লিড নিয়ে। এই দুই ব্যাটসম্যানের হার না মানা হাফসেঞ্চুরিতে বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ৩৭৪ রান।
কিয়েরন পাওয়েল ৯০ রানে আউট হওয়ার পর বুলাওয়ে টেস্টের লাগাম জিম্বাবুয়ের হাতে এনে দেন সিকান্দার। এই অফ স্পিনারের ঘূর্ণিতে ভেঙে পড়ে সফরকারীদের মিডল অর্ডার। একটা সময় ২৩০ রান তুলতে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে জিম্বাবুয়ে লিডের স্বপ্ন দেখলেও তা হতে দেননি ডাওরিচ ও হোল্ডার। দুর্দান্ত ব্যাটিংয়ে দুজনই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ৭৫ রানে দিন শেষ করা ডাওরিচ আবার খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তার সঙ্গে অধিনায়ক হোল্ডার অপরাজিত আছেন ৭১ রানে।
দেবেন্দ্র বিশুকে (২৩) দিয়ে সিকান্দার শুরু করেন তার উইকেট উৎসব। এরপর একে একে কাইল হোপ (১), রোস্টন চেস (৩২), জার্মেইন ব্ল্যাকউড (৫) ও শাই হোপকে (৪০) ফিরিয়ে এই স্পিনার পান পেশাদারি ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। যদিও দিনটা স্বস্তিতে শেষ করতে পারেননি অষ্টম উইকেটে ডাওরিচ ও হোল্ডার দাঁড়িয়ে যাওয়ায়। তৃতীয় দিনের শেষ পর্যন্ত তাদের আউটই করতে পারেনি জিম্বাবুয়ে। ক্রিকইনফো








