ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে খুলনা টাইটানসের বিপিএল মিশন। গত বছর তৃতীয় হওয়া দলটির এবারের লক্ষ্য আরও ভালো কিছু করার। সেই লক্ষ্য পূরণের চ্যালেঞ্জে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে খুলনা। প্রথম ওভার করেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার আকিলা ধনঞ্জয়া। ক্রিজে থাকা কুমার সাঙ্গাকারা ও এভিন লুইস ৭ রান জমা করেছেন ঢাকার স্কোরবোর্ডে।
গত আসরে চমক দেখানো খুলনা এই আসরে কেমন করে সেই অপেক্ষায় আছেন খুলনার সমর্থকরা। কারণ এবারের দলটি আরও বেশি শক্তিশালী। রাইলি রোসো ও কার্লোস ব্র্যাথওয়েটের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টকে একাদশে নিয়েছে খুলনা। এর বাইরেও মাহমুদউল্লাহর হাতে বেশকিছু অস্ত্র মজুদ করা আছে। প্রয়োজন মতো যে কাউকেই তিনি ব্যবহার করতে পারবেন।
দুই পেসার আবু জায়েদ রাহি আর শফিউল ইসলামের সঙ্গে আছেন জোফরা আর্চার। বোলিং বিভাগটাকে কোনোভাবেই ছোট করা যাবে না। মাহমুদউল্লাহর সঙ্গে অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন মোশাররফ হোসেন ও আকিলা ধনঞ্জয়া।
ঢাকার বিপক্ষে অধিনায়ক মাহমুদউল্লাহ জয় দিয়ে শুরু করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে ঢাকা ডায়নামাইটস হেরে গেলেও আজকের প্রতিপক্ষ নিয়ে তিনি ভীষণ সতর্ক, ‘টুর্নামেন্টের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি, ঢাকার বিপক্ষে শুরুটা ভালোভাবেই করতে পারবো।’ শুরুর মতো শেষটাও ভালো করার চেষ্টায় থাকবে খুলনা।
খুলনার একাদশ
চ্যাডউইক ওয়ালটন, রাইলি রোসো, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, আরিফুল হক, আকিলা ধনঞ্জয়া, মোশাররফ হোসেন, আবু জায়েদ ও শফিউল ইসলাম।








