বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হচ্ছে ১২ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই বিপিএলে ব্যস্ত হয়ে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। কুড়ি ওভারের এই টুর্নামেন্ট শেষে তাই বিশ্রাম তাদের জন্য গুরুত্বপূর্ণ। ছুটি তারা পাচ্ছেনও। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি) ১০ দিনের ছুটি দিতে পারে ক্রিকেটারদের। ছুটি শেষে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য ক্যাম্প শুরু হতে পারে ২৫ ডিসেম্বর থেকে।
বৃহস্পতিবার মিরপুরের একাডেমিতে হাবিবুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিপিএল এক মাসের টুর্নামেন্ট, বেশ লম্বা সময়। এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই সামনের সিরিজের আগে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া জরুরি। হয়তো বিপিএল শেষে ১০ দিনের বিশ্রাম পাবে ক্রিকেটাররা।’
ছুটি শেষে কবে ক্যাম্প শুরু হবে, এমন প্রশ্নে হাবিবুল বলেছেন, ‘আমরা এখনও মিটিংয়ে বসিনি। বিপিএল শেষ করার পর বসব। তখন হয়তো ১০ দিনের বিশ্রাম পাবে খেলোয়াড়রা। তবে এর মধ্যে জাতীয় লিগের শেষ রাউন্ডের একটি ম্যাচ আছে, সেটা মাঠে গড়াবে।’
১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর দুবাইতে হবে টি-টেন ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের তিন ক্রিকেটার- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। বিপিএলে শেষেই তারা উড়াল দেবেন দুবাইয়ের উদ্দেশে। ওই টুর্নামেন্ট খেলার পর আবার যোগ দিতে হবে জাতীয় দলের ক্যাম্পে। সব মিলিয়ে এই তিন ক্রিকেটার খুব একটা বিশ্রাম পাচ্ছেন না। হাবিবুল অবশ্য টি-টেন ক্রিকেট লিগে শারীরিক ধকল খুব একটা দেখতে পাচ্ছেন না, ‘টি-টেন লিগে মনে হয় না খুব বেশি শারীরিক কষ্ট হবে। তিন-চার দিনের টুর্নামেন্টে কষ্ট হওয়ার কোনও কারণ দেখি না।’
২৫ ডিসেম্বর ক্যাম্প শুরু হলে দুই সপ্তাহের মতো সময় পাবে টাইগাররা। এরপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। শুরুতে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ-শ্রীলঙ্কা, সেখানে আরেক প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিকরা শ্রীলঙ্কার বিপক্ষে। এখনও সিরিজের সূচি চূড়ান্ত না হলেও শিগগিরিই সেটা হয়ে যাবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘আমরা দুই-একদিনের মধ্যেই সূচি চূড়ান্ত করব। প্রথমে দুই ম্যাচের টি-টোয়েন্টি, তারপর ত্রিদেশীয় সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট।’
ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা আফগানিস্তানের। যদিও বিষয়টি এখনও আলোচনায় আছে বলে জানিয়েছেন আকরাম খান। এরপর আবার শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে দ্বীপ দেশটিতে হবে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বাকি দুই দল ভারত ও বাংলাদেশ। ৮ মার্চ শুরু হওয়া সিরিজটির ফাইনাল ২০ মার্চ। ওই সিরিজ শেষে কিছুদিন বিশ্রাম পেলেও জুনের দিকে আবার ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ।








