আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের জন্য গত কয়েক দিন ধরে চলছে ৩২ জনের ক্যাম্পিং। সেখান থেকে ২৪ জন লাল ও সবুজ দলে ভাগ হয়ে শনিবার খেললো প্রস্তুতি ম্যাচ। চূড়ান্ত দলে কারা থাকবে, সেটা নির্বাচকরা পরখ করে দেখবে এ ম্যাচে। কেমন হবে দল, সেটাই ম্যাচের এক ফাঁকে জানালেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
কয়েক দিনের মধ্যে দল ঘোষণা হবে বলে শোনা যাচ্ছে। খালেদ মাহমুদ বলেছেন, ‘দলটা হয়তো কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব। পরিকল্পনা আমরা করছি। সেরা ১৫ জনকে হয়তো পেয়ে যাবো। তখন হয়তো পরিকল্পনা করতে আরও সুবিধা হবে। আমরা তো জানি কারা খেলবে। ৮-১০ জন তো নিশ্চিত আছে যারা খেলবে। কম্বিনেশন কী হবে সেটা প্রতিপক্ষ দেখে ঠিক করবো। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এখনও দল ঘোষণা করেনি। অবশ্যই আমাদের কম্বিনেশন ওভাবেই করতে হবে। প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তির জায়গা দেখেই আমরা কাজ করবো।’
সম্প্রতি শ্রীলঙ্কা ভারতের কাছে হেরেছে। তারপরও তাদের ভালো কয়েকজন অলরাউন্ডার আছে। সবমিলিয়ে বাংলাদেশের ভাবনা কী? খালেদ মাহমুদ বললেন, ‘শ্রীলঙ্কা সবসময় খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। এক-দুইটি পারফরম্যান্স দেখে ওদের বিচার করা ঠিক হবে না।আমি মনে করছি দারুণ একটা সিরিজ হবে। তবে এই সিরিজ জেতার সামর্থ্য আমাদের আছে।’







