শুক্রবার সন্ধ্যায় নিদাহাস ট্রফির লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফাইনালে খেলতে হলে ম্যাচটি জিততেই হবে টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ। বিসিবির আশা লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সেখানো জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় কলম্বোগামী ফ্লাইটে দেশ ছেড়েছেন সাকিব।
শুক্রবার সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আশা করছি সাকিব ম্যাচটিতে খেলতে পারবে। প্রাথমিক পর্যায়ে কলোম্বোতে থাকাটাই পরিকল্পনা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আমরা অস্ট্রেলিয়ায় পাঠাই এবং সবকিছু বিবেচনা করে আমাদের মনে হচ্ছে সাকিব শুক্রবার খেলতে পারবে।’
আরও আগেই সাকিবকে পাওয়ার আশা ছিল নিজামউদ্দিনের, ‘আমরা সাকিবের ব্যাপারে আগেই চেষ্টা করেছিলাম। কিন্তু ওর ইনজুরিটা একটু স্পর্শকাতর ছিল, এজন্য আমরা তাকে অস্ট্রেলিয়া পাঠাই। অস্ট্রেলিয়ার ডাক্তার গ্রেগের পরামর্শ নিয়ে সাকিব দেশে ফিরে আসে। ও আজই (বৃহস্পতিবার) জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবে।’
সাকিবের খেলার জন্য বোর্ড থেকেই অনুরোধ এসেছিল বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘অনুরোধটা বোর্ড থেকেই এসেছে। আমরা সব দিক বিবেচনা করেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছি তাকে পাঠানোর। এখন পরিস্থিতিই বলে দেবে কতটুকু সে খেলতে পারবে। তারপরও আমরা আশাবাদী।’
প্রসঙ্গত, গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পান এই অলরাউন্ডার। তাই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি দেশের মাটিতে। পাকিস্তান সুপার লিগ সহ নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচেও দেখা যায়নি সাকিবকে। এই সময় থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে ছিলেন তিনি। চলতি সপ্তাহে ঢাকায় ফিরে জিম ও ট্রেনিং সেশনে দেখা যায় তাকে।







